২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসে হাসপাতালে বিস্ফোরণে নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি হাসপাতালে প্রাণঘাতী বিস্ফোরণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 10:17 AM

Updated : 19 Aug 2022, 02:14 PM

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গেইটসভেইল শহরের ওই হাসপাতালের নির্মাণাধীন একটি স্থাপনায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি।

সেখানে একটি বৈদ্যুতিক জেনারেটর বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। 

বিস্ফোরণের পর হাসপাতাল ও নিকটবর্তী নার্সিং হোম থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। বিস্ফোরণের পর গেইটসভিলের কয়েকটি এলাকার বিদ্যুৎ চলে যায় বলে প্রকাশিত খবরে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ছবি ও ভিডিওতে ঘটনাস্থল কোরিয়েল মেমোরিয়াল হাসপাতাল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

প্রাথমিক প্রতিবেদনগুলোতে হাসপাতালটির নির্মাণাধীন নতুন একটি অংশে বিস্ফোরণটি ঘটেছে বলে জানানো হয়েছে। তদন্তকারীরা নির্মাণাধীন একটি বয়লার রুমে খোঁজ চালাচ্ছে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। 

কোরিয়েল কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সমন্বয়ক বব হারেল জানিয়েছেন, আহতদের কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং তাদের ডালাসের পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।