দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।
মঙ্গলবার ভোররাতের দিতে ক্ষেপণাস্ত্র দুইটি আঘাত হানে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে বলে জানায় ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ১টার দিকে (২২:০০ জিএমটি, সোমবার) বিমানবন্দরের কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
“সিরিয়া সরকারের প্রতি অনুগত বিদেশি সেনাদের অস্ত্রের গুদাম এবং তাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের জঙ্গি বিমান থেকে ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয়।”
এ হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশের একটি হচ্ছে ইরান। ইরান এবং লেবাননের হিজবুল্লাহদের অনেক যোদ্ধা আসাদের হয়ে সিরীয় যুদ্ধে অংশ নিচ্ছে।
সিরিয়ায় ইরানের বাড়তে থাকা প্রভাবকে নিজেদের নিরাপত্তার হুমকি মনে করে ইসরায়েল।
এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, “আমরা বিদেশি কোনো সংবাদ সংস্থার খবর নিয়ে মন্তব্য করতে পারি না।”
