২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়াকে নিরস্ত্রীকরণের সুনির্দিষ্ট সময়সীমা দেবে যুক্তরাষ্ট্র

ঐতিহাসিক ট্রাম্প-কিম বৈঠকের পর যুক্তরাষ্ট্র শিগগিরই উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে ‘সুনির্দিষ্ট কিছু চেয়ে’ একটি ‘সুনির্দিষ্ট সময়সীমা দেবে’ বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Jun 2018, 08:49 PM

Updated : 08 Apr 2022, 06:35 PM

গত ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে ঐতিহাসিক সম্মেলন হয়।

ওই সম্মেলনে কিম কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করতে একজোট হয়ে কাজ করতে রাজি হন। বিনিময়ে উত্তর কোরিয়াকে নিরাপত্তা এবং দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তার আশ্বাস দেন ট্রাম্প।

সম্মেলনের পরপরই দীর্ঘদিনের মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। উত্তর কোরিয়ার ওই মহড়াকে সবসময়ই ‘যুদ্ধের উস্কানি’ বলে বিবেচনা করত।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, “তারা সৌভাগ্যের পথে পরিচালিত হবে কি হবে না তা আমরা খুব শিগগিরই জানতে পারব।”

“সম্মেলনে যে চুক্তি হয়েছে তার বাস্তবায়ন আমরা কিভাবে চাই সেটি যখন তাদের কাছে উপস্থাপন করা হবে তখন তাদের কাছে সুনির্দিষ্ট কিছু চাওয়া হবে এবং অবশ্যই তার জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে।”

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা পিয়ংইয়ং কিভাবে তাদের পরমাণু অস্ত্র এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সমর্পণ করবে তার একটি রূপরেখা প্রকাশ করেছেন। যদিও সেখানে সমর্পণ প্রক্রিয়া সম্পর্কে সামান্য ধারণাই দেওয়া হয়েছে এবং ট্রাম্প এর সমালোচনা করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্মেলনে দুই নেতার দেওয়া প্রতিশ্রুতি আরো ফলপ্রসূ করার চেষ্টা হিসেবে ‘খুব বেশি দেরি হওয়ার আগে’ আবারো উত্তর কোরিয়া যাওয়ার ইচ্ছার কথা গত সপ্তাহে জানিয়েছেন।

এ সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের এশিয়া সফরে আসার কথা রয়েছে। প্রায় এক সপ্তাহের এই সফরে তিনি চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান যাবেন। সফরের পুরো সময়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী পম্মেওর সঙ্গে যোগাযোগ রাখবেন বলে জানিয়েছেন।

ওদিকে, গত সপ্তাহে কিম চীন সফরে গিয়েছিলেন বলে খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্মেলনের ফলাফল নিয়ে আলোচনা করেন এবং কোরীয় উপদ্বীপ পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে ঐক্যমতে পৌঁছান।

‘ট্রাম্পের বর্তমান মেয়াদের মধ্যেই নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার বেশিরভাগ কাজ শেষ হয়ে যাবে বলে ওয়াশিংটন আশা করছে’- সম্প্রতি সিউল সফরে পম্পেও এ কথা বলেছিলেন।

“আশা করছি আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ কাজ অনেকটাই শেষ হবে।” ট্রাম্পের বর্তমান মেয়াদ ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত।