পরমাণু অস্ত্রের আতংক মুক্ত হয়েছে বিশ্ব: মুন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ঐতিহাসিক বৈঠকের মধ্য দিয়ে বিশ্ব পারমাণবিক অস্ত্র ও যুদ্ধের হুমকি থেকে রেহাই পেয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকের আগে মুন একথা বলেন।
গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প-কিম বৈঠকের পর সমঝোতার একটি যৌথ ঘোষণা দেওয়া হয়। এতে কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেন কিম।
অন্যদিকে, উত্তর কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধের আশ্বাস দেন ট্রাম্প।
যদিও ট্রাম্প-কিমের চুক্তিটি খুবই অস্পষ্ট বলে মনে করেছেন বিশ্লেষকরা। কারণ, এতে পিয়ংইয়ং কীভাবে পরমাণু নিরস্ত্রীকরণ করবে এবং এ প্রক্রিয়া কিভাবে বা যাচাই করা হবে সে সম্পর্কে বলা নেই।
তবে পম্পেওকে মুন বলেছেন, ট্রাম্প-কিম বৈঠক নিয়ে অনেক রকম বিশ্লেষণ থাকলেও তিনি মনে করেন এ বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, এর মধ্য দিয়ে বিশ্বের জনগণ বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান আর কোরিয়ার মানুষেরা যুদ্ধ, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের আতংক থেকে মুক্তি পেয়েছে।
