২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-কিম বৈঠক: সিঙ্গাপুরে ২ দ. কোরীয় সাংবাদিক বিতাড়িত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আসন্ন বৈঠকের আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করে গ্রেপ্তার হওয়া দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়াত্ত্ব সংবাদমাধ্যমের দুই কর্মীকে সিঙ্গাপুর থেকে বিতাড়ন করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 09:14 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে বলা হয়, “দক্ষিণ কোরিয়ার দুই ব্যক্তির ‘ভিজিট পাস’ বাতিল করে গত ৯ জুন ২০১৮ তাদের রিপাবলিক অব কোরিয়া ফেরত পাঠানো হয়েছে।”

এদিকে, শনিবার দক্ষিণ কোরিয়া থেকে আসা এক ব্যক্তিকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “কারণ তিনি বিমানবন্দরে বসে ফোনে ‘সুইসাইড বোম্বিং’ খুঁজছিলেন।”

দুই কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর এবং কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে আলোচনার জন্য সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে নজিরবিহীন এক সম্মেলনে বসবেন ট্রাম্প ও কিম।

ওই সম্মেলন উপলক্ষ্যে সিঙ্গাপুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সানতোসায় শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে কিম ও ট্রাম্প আলাদাভাবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গেও বৈঠক করবেন।