বৈঠক ‘সফল হবে কি না, তা প্রথম মিনিটেই জেনে যাবেন’ ট্রাম্প
সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে ‘ভাল কিছু ঘটবে কি না তা এক মিনিটেই জেনে যাবেন’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার কানাডার কুইবেকে বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলন ছেড়ে বেরিয়ে আসার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এ সময় সিঙ্গাপুরের ওই শীর্ষ সম্মেলনকে ‘শান্তি মিশন’ বলে বর্ণনা করেন তিনি।
তিনি বলেন, “আমি মনে করি প্রথম মিনিটের মধ্যেই আমি জেনে যাব। শুধু আমার স্পর্শ, আমার অনুভূতিতে। এটাই আমি করি।
“যদি আমার মনে হয় এটি হবে না, আমি আমার সময় নষ্ট করবো না। আমি তার সময়ও নষ্ট করতে চাই না।”
১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা। বৈঠকটি হলে এটি হবে উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।
এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের প্রধান চাওয়া হবে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচীর বর্জন; সম্প্রতি এই কর্মসূচী যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
ট্রাম্প বলেছেন, “আমার পরিষ্কার একটি উদ্দেশ্য আছে, কিন্তু আমাকে বলতে হবে-এটা এমন একটা কিছু হতে যাচ্ছে যা সর্বক্ষণ মূহুর্তের উদ্দীপনায় এগোবে।
“আপনারা জানেন না। এর আগে এই পর্যায়ে এটি কখনো হয়নি। ইনি এমন একজন নেতা যার ব্যক্তিত্ব অজানা।”
যুক্তরাষ্ট্র চাইলেও উত্তর কোরিয়া একতরফাভাবে নিজেদের অস্ত্র ত্যাগ করতে অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন বলে যাকে মনে করে, তার বিরুদ্ধে নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে একটি প্রতিবন্ধক অভিহিত করে এর পক্ষে অবস্থান নিয়েছে।
কোরিয়া যুদ্ধের জের হিসেবে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ২৮,৫০০ সেনা মোতায়েন আছে।
“আমি সত্যিই আত্মবিশ্বাস অনুভব করছি। এটি আগে কখনো হয়নি, কখনো পরখ করা হয়নি। তাই আমরা সত্যিকার ইতিবাচক মনোভাব নিয়েই যাচ্ছি,” বলেছেন ট্রাম্প।
