২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি তালেবানের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 06:07 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

তবে বিদেশি বাহিনীগুলো ‍এই যুদ্ধবিরতির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে তারা।

ঈদের দিন সব ধরনের অভিযান বন্ধ রাখার জন্য নিজেদের যোদ্ধাদের নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি, কিন্তু এ সময় তাদের ওপর হামলা চালানো হলে তা প্রতিরোধ করা হবে বলেও জানিয়েছে তারা, খবর বিবিসির।

২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর থেকে এই প্রথম তালেবান যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিল।

ঈদ উপলক্ষে চলতি সপ্তাহে আফগানিস্তান সরকার একতরফাভাবে তালেবানের বিরুদ্ধে যুদ্ধবিরতির ঘোষণা করেছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম টু্ইটারে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন, “এই যুদ্ধবিরতি তালেবানের জন্য একটি সুযোগ। যাতে তারা বুঝতে পারে, নৃশংসতার মাধ্যমে মানুষের হৃদয় ও মন জয় করা যায় না।”

তবে সরকারি বাহিনী ইসলামিক স্টেটসহ (আইএস) অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথারীতি লড়াই চালিয়ে যাবে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। 

২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আফগান প্রেসিডেন্ট তালেবানের সঙ্গে শর্তহীন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন।

এর আগে তিনি একবার যুদ্ধবিরতির ঘোষণা ‍দিলেও সেবার কয়েকটি শর্ত ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে তাদের বাহিনীগুলো ও তাদের জোট মিত্ররা ‘যুদ্ধবিরতিটিকে সম্মান জানাবে’।