২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭টি মসজিদ বন্ধ করে দিচ্ছে অস্ট্রিয়া

অস্ট্রিয়া সাতটি মসজিদ এবং  বিদেশি অর্থ সাহায্য পেয়ে থাকেন এমন ৪০ জন ইমামকে বহিষ্কার করার পরিকল্পনা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 08:52 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

এর মধ্য দিয়ে মৌলবাদী ইসলাম এবং ধর্মীয় গোষ্ঠীগুলোতে বিদেশি অর্থায়নের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করল দেশটি।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ বলেছেন, সরকার ভিয়েনায় অবস্থিত কট্টরপন্থি একটি তুর্কি জাতীয়তাবাদী মসজিদ বন্ধ করে দিচ্ছে এবং ছয়টি মসজিদ পরিচালনা করা ‘আরব ধর্মীয় কমিউনিটি’ নামের একটি সংগঠন ভেঙে দিচ্ছে।

অস্ট্রিয়ায় বর্তমান কট্টর ডানপন্থি ও রক্ষণশীলদের জোট সরকার ক্ষমতায় এসেছে অভিবাসন এবং রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে।

২০১৫ সালে পাস হওয়া ইসলাম সংক্রান্ত একটি আইনের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিচ্ছে। ওই আইনানুসারে, ধর্মীয় গোষ্ঠীগুলোর জন্য বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করাসহ মুসলিম সংগঠনগুলোকে রাষ্ট্র ও সমাজের প্রতি ইতিবাচক মৌলিক দৃষ্টিভঙ্গি পোষণ করতে বলা হয়েছে।

চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ বলেছেন, আমাদের দেশে রাজনৈতিক ইসলামের সমান্তরাল সমাজ এবং উগ্রপন্থায় দীক্ষিত হওয়ার প্রবণতার কোনো স্থান নেই।

অস্ট্রিয়া কেবল সে লক্ষ্যে কাজ শুরু করছে বলে জানান তিনি। অস্ট্রিয়ার এ উদ্যোগ ইসলাম-বিদ্বেষ, বৈষম্য এবং বর্ণবাদেরই প্রতিফলন বলে এর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের মুখপাত্র।

৮৮ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় মুসলিমের সংখ্যা ছয় লাখ। এদের বেশিরভাগই তুরস্ক থেকে আসা অভিবাসী বা তুর্কি বংশধর।

এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার মন্ত্রীরা বলেছেন, তুরস্ক সরকারের ঘনিষ্ঠ একটি মুসলিম গ্রুপ ‘তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর কালচারাল এন্ড স্যোশাল কোঅপারেশন ইন অস্ট্রিয়ার’ (এটিআইবি) ৬০ জন মত ইমামকে দেশ থেকে বহিস্কার করা হতে পারে অথবা বিদেশি তহবিল প্রাপ্তির ভিত্তিতে ভিসা দিতে অস্বীকৃতি জানানো হতে পারে।

ওদিকে, একটি সরকারি হ্যান্ডআউটে ইমামের সংখ্যা ৪০ উল্লেখ করে বলা হয়েছে তাদের ১১ জন পর্যবেক্ষণের আওতায় রয়েছে এবং দুইজন এরই মধ্যে নেতিবাচক আদেশ পেয়েছে।