২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ: ‘হুমকি’খতিয়ে দেখার আহ্বান ইসরায়েলের

খেলতে নামলে লিওনেল মেসির রেপ্লিকা জার্সি পুড়িয়ে দেওয়াসহ যে যে ‘হুমকির’ কারণে আর্জেন্টিনার খেলোয়াড়রা জেরুজালেমের প্রীতি ফুটবল ম্যাচটি বাতিলে ‘বাধ্য হয়েছেন’, সেগুলো খতিয়ে দেখতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 04:20 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

ইসরায়েলি কর্মকর্তারা উপকূলীয় শহর হাইফা থেকে খেলাটির ভেন্যু জেরুজালেমে নিয়ে এলে ম্যাচটি না খেলতে আর্জেন্টিনার প্রতি অনুরোধ জানিয়েছিল ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন।

খেলা বাতিলের ঘোষণা আসায় বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি সংগঠনটির কর্মকর্তারা আর্জেন্টিনার প্রশংসা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, হাইফায় খেলা হলে তা নিয়ে আপত্তি উঠত না। খেলাটিকে জেরুজালেমে সরিয়ে আনা উচিত হয়নি বলেও মন্তব্য তাদের।

“মেসি ও আর্জেন্টিনার অন্যান্য তারকাদের ব্যবহার করতে চেয়েছিল ইসরায়েল। আমি তাদের (আর্জেন্টিনার খেলোয়াড়) ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারণা, এটাই সঠিক সিদ্ধান্ত,” পশ্চিম তীরের রামাল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিব্রিল রাজৌব।

সংবাদ সম্মেলনে ‘ফিলিস্তিনের পক্ষ থেকে মেসিকে ধন্যবাদ’ লেখা প্ল্যাকার্ড এবং আর্জেন্টিনা ও ফিলিস্তিনের পতাকার উপরে ছিল বার্সেলোনার মহাতারকার সঙ্গে রাজৌবের বিশালাকৃতির একটি ছবি।

বুধবার রাজৌবের কণ্ঠ নমনীয় থাকলেও ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের এ সভাপতিই জেরুজালেমে খেলতে নামলে মেসির ছবি ও জার্সি পোড়ানোর ডাক দিয়েছিলেন।

হাইফা থেকে জেরুজালেমে ম্যাচ সরিয়ে নেওয়া ইসরায়েলি ক্রীড়ামন্ত্রী মিরি রেজেভ তার সিদ্ধান্তের কারণেই ইসরায়েল-আর্জেন্টিনা ম্যাচ বাতিল হয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। 

মেসি, তার সহখেলোয়াড় এবং পরিবারের সদস্যরা ‘সন্ত্রাসী উপাদান’ এর কাছ থেকে হুমকির সম্মুখীন হয়েছিলেন বলেও পাল্টা অভিযোগ তার।

“বাতিলের এ সিদ্ধান্তের একটিই কারণ- মেসি, তার পরিবারের সদস্য এবং আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের কাছে পাঠানো সন্ত্রাসী হুমকি,” বলেন তিনি।

হুমকির মাত্রা সম্বন্ধে বিস্তারিত কিছু জানাননি ইসরায়েলের এ নারী ক্রীড়ামন্ত্রী।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াও বুধবার সকালের দিকে ‘হুমকির’ কথা উল্লেখ করেছিলেন; তিনিও এ সম্পর্কে বিস্তারিত বলেননি।

জেরুজালেমে প্রীতি ম্যাচ বাতিলের খবর নিশ্চিত করে এজন্য ইসরায়েলি ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তাপিয়া।  

ম্যাচ নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের দিকে ক্ষোভের তীর ছুঁড়ে ফিলিস্তিনিরা ‘লাল দাগ’ অতিক্রম করেছে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)।

“ফুটবলের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল (রাজৌবের)। খেলোয়াড়দের দিকে একজনের ব্যক্তিগত হুমকির বিষয়টি এসেছে। একজন রাজনীতিক যদি জার্সি পোড়ানোর ডাক দেন, কেউ কেউ হয়তো আরও এগিয়ে যাবেন। আমার মনে হয় না, যারা বিশ্বজুড়ে ফুটবল চালাচ্ছেন, তারা এটি এড়িয়ে যাবেন,” মন্তব্য আইএফএ-র চেয়ারম্যান ওফের ইনির।

মেসি ও অন্যান্য খেলোয়াড়দের উপস্থিতিকে ব্যবহার করে ইসরায়েল পবিত্র জেরুজালেম শহরের ওপর তাদের দাবি প্রতিষ্ঠিত করার চক্রান্ত করেছিল বলে অভিযোগ ফিলিস্তিনের।

সমগ্র জেরুজালেমকেই নিজেদের রাজধানী মনে করে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনিরা শহরটির পূর্বাংশকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করতে চায়। 

যদিও দশককালের নীতি বদলে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, তারপরও শান্তি আলোচনার মাধ্যমেই জেরুজালেমের বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত বলে মত বেশিরভাগ দেশের।