শার্টের পকেটে মোবাইল বিস্ফোরিত
ভারতের মুম্বাইয়ে এক ব্যক্তি একটি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ করেই শার্টের পকেটে থাকা তার মোবাইল ফোন বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
মুম্বাইয়ের ভান্দুপ এলাকায় একটি রেস্তোরাঁয় সোমবার এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ করেই বিকট শব্দের পর এক ব্যক্তি লাফিয়ে উঠেন। তার শার্টের সামনের দিকের পকেট থেকে ধোঁয়া বেরতে থাকে এবং তিনি হাত দিয়ে পকেট থেকে কিছু একটা বের করে ছুড়ে ফেলেন।
এ সময় পুরো রেস্তোরাঁ ধোঁয়ায় ভরে গিয়ে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের আতঙ্কে ছুটতে দেখা যায়।
কিছুক্ষণের মধ্যেই সবাই বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মার্চে উড়িষ্যার খেরিকানি জেলায় ১৮ বছরের এক তরুণী মোবাইল ফোন চার্জে দিয়ে কথা বলার সময় সেটি বিস্ফোরিত হয়ে তার হাত, বুক ও পা পুড়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
