সুনন্দা আত্মহত্যা: বিচারের মুখোমুখি শশী থারুর
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতের কংগ্রেস পার্টির এমপি এবং জাতিসংঘের সাবেক কূটনীতিক শশী থারুরকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত।
আদালত আগামী ৭ জুলাই শশীকে তার বিরুদ্ধে উঠা অভিযোগের ব্যাখ্যা দিতে ডেকে পাঠিয়েছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলবার দিল্লির অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল বলেন, “আমি প্রসিকিউটরের বক্তব্য শুনেছি। চার্জশিট এবং অন্য যেসব নথিপত্র আদালতে পেশ করা হয়েছে আমরা সেগুলো খতিয়ে দেখব।”
এ বিষয়ে শশীর আইনজীবী বিকাশ পাহওয়া বলেন, তার মক্কেল কোনো অপরাধ করেননি।
“আমরা চার্জশিট ও আদালতে পেশ করা অন্যান্য নথির অনুলিপি চেয়েছি। সেটা হাতে পাওয়ার পর আমরা সে অনুযায়ী সামনে অগ্রসর হব।”
২০১৪ সালের ১৭ জানুয়ারি নয়া দিল্লির একটি অভিজাত হোটেল থেকে শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা বললেও পরে জানায়, সুনন্দাকে হত্যা করা হয়েছে এবং হত্যার সঙ্গে একজন জড়িত।
কিন্তু পরে পুলিশ হত্যার কোনো প্রমাণ পায়নি বলে জানায়।
সুনন্দার মৃত্যুর চার বছর পর গত মে মাসে পুলিশ আদালতে এ মামলার চার্জশিট জমা দেয়।
তিন হাজার পাতার ওই অভিযোগপত্রে শুধুমাত্র শশীর নাম আছে বলে জানিয়েছে এনডিটিভি।
সেখানে বলা হয়েছে, সুনন্দাকে হত্যার কোনো প্রমাণ পুলিশ পায়নি। তবে আত্মহত্যায় প্ররোচনার বিষয়টি স্পষ্ট। হোটেলকক্ষে অবস্থানের সময় সুনন্দা কোনো খাবার খাননি, এমনকি কক্ষ থেকে বেরও হননি।
এছাড়া ওই চার্জশিটে শশীর বিরুদ্ধে স্ত্রীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করার অভিযোগও আনা হয়।
পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর এক টুইটে শশী তার বিরুদ্ধে আনা ‘অযৌক্তিক অভিযোগের’ তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।
২০১০ সালে দুবাই ভিত্তিক ব্যবসায়ী সুনন্দাকে বিয়ে করেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস পার্টির এমপি শশী।
মারা যাওয়ার মাত্র কয়েকদিন আগে জনসম্মুখে পাকিস্তানের এক নারী সাংবাদিকের সঙ্গে শশীর প্রণয়ের অভিযোগ করেছিলেন সুনন্দা। এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি ভারতের একজন প্রখ্যাত সাংবাদিককে সাক্ষাৎকার দিতে চেয়েছিলেন। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত দিনের একদিন আগে সুনন্দার মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
তখন স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছিল, শশী-সুনন্দা দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত এবং চিকিৎসকের পরামর্শ ছাড়াই সুনন্দা বিষন্নতার ওষুধ সেবন করতেন।
