সাগরে ডুবে মুম্বাইয়ের এক পরিবারের ৫ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপকূলে মুম্বাইয়ের এক পরিবারের পাঁচ জন ডুবে মারা গেছেন।
রোববার বিকালে মুম্বাই থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে রত্নাগিরি উপকূলের সাগরে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাইয়ের বোরিভালি এলাকার একটি পরিবারের সাত জন রত্নাগিরি থেকে গনপতিপুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল, পথিমধ্যে আরি ওয়্যার সৈকতে থামার সিদ্ধান্ত নেন তারা। এই সৈকতটি গনপতিপুলে থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে।
“বিকাল ৫টার দিকে তারা স্থানীয় খাঁড়িতে সাঁতার কাটতে নামেন, কিন্তু সাগর থেকে দ্রুত বেগে খাঁড়িতে প্রবেশ করা পানির ঘূর্ণিতে পড়ে যান তারা,” বলেন ওই কর্মকর্তা।
স্থানীয় লোকজন তাদের মধ্যে দুই জনকে উদ্ধার করতে পারলেও বাকিরা ডুবে যান বলে জানিয়েছেন তিনি।
ডুবে মারা যাওয়া পাঁচ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হচ্ছেন কেনেথ মাস্টার্স (৫৬), মনিকা ডি’সুজা (৪৪), সানোমি ডি’সুজা (২২), রাঞোর ডি’সুজা (১৯) এবং ম্যাথিউ ডি’সুজা (১৮) ।
পরিবারটির অপর দুই সদস্য রিতা ডি’সুজা (৭০) ও লিনা কেনেথ মাস্টার্স (৫২) কে উদ্ধার করেছেন স্থানীয়রা।
সবার লাশ উদ্ধার করা হয়েছে এবং বেঁচে যাওয়া দুজন পুলিশের তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন রত্নাগিরির পুলিশ সুপার প্রণয় অশোক।
