ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে দুর্ঘটনায় নিহত ৫
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে অবৈধ সোনার খনি ধসে পাঁচ স্বর্ণসন্ধানী নিহত ও একজন নিখোঁজ রয়েছেন।
রোববার বিকেলে ভারি বৃষ্টিপাতে ওই খনিটি ধসে পড়লে সেখানে কর্মরত ওই স্বর্ণসন্ধানীরা চাপা পড়েন বলে সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে ইন্দোনেমিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি), খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে নিহত স্বর্ণসন্ধানীদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। তারা সবাই স্থানীয় বাকান গ্রামের বাসিন্দা।
নিখোঁজ অপরজনও মাটি চাপা পড়েছেন এবং তার খোঁজে সোমবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে বিএনপিবি।
বাকান গ্রামের কাছে যেখানে ওই দলটি স্বর্ণ সন্ধান করছিল, সেটি পাহাড়ি দুর্গম এলাকা। সেখানে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে, এ সত্বেও তারা প্রবল বৃষ্টির মধ্যেও অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল বলে বিএনপিবির বিবৃতিতে বলা হয়েছে।
বাকানে পি.টি.জে. রিসোর্সেস এশিয়া প্যাসিফিক পরিচালিত একটি বৈধ সোনার খনিও রয়েছে; ২০১৩ সাল থেকে এটি স্বর্ণ উত্তোলন শুরু করে।
খনির কাছাকাছি বসবাস করা ইন্দোনেশিওরা মনে করে তাদের এলাকার মাটির নিচে থাকা খনিজ অনুসন্ধানের অধিকার তাদেরও আছে।
কেন্দ্রীয় সরকার এ ধরনের স্বল্প উদ্যোগে তৈরি হওয়া ছোট সোনার খনি নিষিদ্ধ করলেও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের স্বার্থ থাকায় তারা প্রায়ই এসব উদ্যোগের বিষয়ে নিরব ভূমিকা পালন করে। এতে কয়েক হাজার দরিদ্র পরিবারের জীবিকার সংস্থান হলেও এসব খনির কারণে তারা স্বাস্থ্যগত ও পরিবেশগতভাবে বড় ধরনের হুমকির মধ্যে থাকে।
