২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ইয়োসেমেটি ন্যাশনাল পার্কে দুই পর্বতারোহীর মৃত্যু

ক্যালিফোর্নিয়ার ইয়োসেমেটি ন্যাশনাল পার্কের সুউচ্চ গ্রানাইট রক এল কাপিটানের সম্মুখভাগ থেকে পড়ে দুই পবর্তারোহী মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 12:30 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

স্থানীয় সময় শনিবার সকাল প্রায় সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এল কাপিটানের তথাকথিত ফ্রিব্লাস্ট রুট দিয়ে আরোহণ করার সময় ওই দুই পবর্তারোহী পড়ে যান বলে জানিয়েছে সংস্থাটি। 

পরে ঘটনার দিন রাতে নিহত পর্বতারোহীদের শনাক্ত করে পার্ক সার্ভিস। তাদের একজন কলোরাডোর বোল্ডারের বাসিন্দা ৪৬ বছর বয়সী জ্যাসন ওয়েলস এবং অপরজন ক্যালিফোর্নিয়ার পামডেলের বাসিন্দা ৪২ বছর বয়সী টিম ক্লিয়েন।

ওই পবর্তারোহীদের সম্পর্কে আর কোনো তথ্য বা তারা এল কাপিটানের কতোটা উপর থেকে পড়ে গেছেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করেছেন পার্কের রেঞ্জাররা।

ইয়োসেমেটি উপত্যকা থেকে ৯১৪ মিটার (৩০০০ ফুট) উঁচু পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে আছে গ্রানাইট শিলা এল কাপিটান। এটি ইয়োসেমেটি ন্যাশনাল পার্কের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক। এর শিখরে ওঠা পবর্তারোহীদের জন্য একটি বিশ্ব মানের চ্যালেঞ্জ বলে জানা গেছে।