বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিলে কাতারে হামলার হুমকি সৌদির
কাতার রাশিয়ার বিমান প্রতিরক্ষা সিস্টেম স্থাপন করলে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ দেশটিতে হামলার হুমকি দিয়েছেন বলে খবর হয়েছে।
এক প্রতিবেদনে ফরাসি সংবাদপত্র লো মন্ড এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাতার সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এমন অভিযোগ তুলে গত বছর দেশটির সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত; অভিযোগ অস্বীকার করেছে কাতার।
গত বছরই কাতার ও রাশিয়া সামরিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক এক সমঝোতা চুক্তি করে। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতকে উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার বিষয়ে দেশটির সঙ্গে কথা হচ্ছে তাদের।
লো মন্ড জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে একটি চিঠি লিখে পাঠিয়েছেন সৌদি বাদশা সালমান। ওই চিঠিতে দোহা ও মস্কোর মধ্যে সমঝোতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এবং কাতার ওই ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে বলে ম্যাক্রোঁকে জানিয়েছেন।
“ওই প্রতিরক্ষা সিস্টেম অপসারণ করতে সামরিক পদক্ষেপসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে সৌদি আরব,” চিঠিতে সালমান এমনটাই বলেছেন বলে প্রকাশিত উদ্ধৃতিতে জানিয়েছে লো মন্ড।
চিঠিটি ‘সম্প্রতি’ পাঠানো হয়েছে বলে জানালেও ঠিক কবে পাঠানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি লো মন্ড।
চিঠিতে কাতারের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিক্রি প্রতিরোধ করে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সালমান ম্যাক্রোঁর সহায়তা চেয়েছেন বলে জানিয়েছে লে মন্ড।
প্রকাশিত খবরে বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর ও সৌদি সরকারের কমিউনিকেশন দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
