উত্তর প্রদেশে বজ্রঝড়ে ১৭ জনের মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রঝড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
শুক্রবারের এ প্রাকৃতিক দুর্যোগে আরও অন্তত নয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
ঝড়ে গাছ উপড়ে অথবা ভেঙে পড়ে এবং ঘরবাড়ি ধসে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শনিবার প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।
ঝড়ে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় মোরাদাবাদ জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি সম্ভল জেলায় তিন জন, মুজাফ্ফরনগর ও মিরাটে দুই জন করে ও আমরোহায় এক জন মারা গেছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
ঝড় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ত্রাণ বিতরণের জন্য সব জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এর আগে বুধবার একই রাজ্যের বিভিন্ন অংশে বজ্রঝড় ও বজ্রপাতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছিল।
শনিবার উত্তর প্রদেশের বিভিন্ন অংশে প্রবল দমকা হওয়া ও বজ্রপাতসহ বজ্রঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।
শুক্রবার আকস্মিকভাবে দিল্লি, নয়ডা ও গাজিয়াবাদের ওপর দিয়ে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ধূলিঝড় বয়ে যায়। ধূলিঝড়ের কারণে কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন বিঘ্নিত হয় বলে এনডিটিভিকে জানিয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্রগুলো।
