জার্মানিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসাবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউরোপে প্রতিরক্ষা জোরদার করতে জার্মানিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অপেক্ষায় আছে। এজন্য প্রাথমিক আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই সামরিক কর্মকর্তা।
শুক্রবার তাদের বরাত দিয়ে রয়টার্স বার্তা সংস্থা জানায়, পেন্টাগন ইউরোপে টার্মিনাল হাই অ্যালটিটুড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী সিস্টেম মোতায়েন করা নিয়ে আলোচনা করেছে।
মার্কিন এক সামরিক কর্মকর্তা বলেছেন, থাড সিস্টেম জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে নিয়ে যাওয়ার বিষয়ে জার্মানির সামরিক কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ওই ঘাঁটিটি ইউরোপে মার্কিন বিমান বাহিনী এবং নেটো জোটের এয়ার কমান্ডের সদরদপ্তর।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড বহু বছর ধরেই ইউরোপে থাড সিস্টেম মোতায়েনের জন্য চাপ দিয়ে আসছে। আর জার্মান কর্মকর্তারাও এ ব্যবস্থা মোতায়েনের জন্য দ্বার খোলা রেখেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার পর এ চুক্তির ভবিষ্যৎ নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চলছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি নিয়ে দু’পক্ষই উদ্বিগ্ন।
ইরানের শাহাব-৩ ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ ইউরোপে আঘাত হানতে সক্ষম। ইরানের রেভল্যুশনারি গার্ড বলেছে, তারা কোনো হুমকি পেলে ক্ষেপণাস্ত্রের পাল্লা আরো বাড়াবে।
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিশ্বের ছয় শক্তিধর দেশের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান ক্ষুব্ধ হয়ে ওঠায় দেশটিকে নিয়ে উদ্বেগ আরো বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইউরোপে থাড মোতায়েনের প্রয়োজনীয়তা আরো বেড়েছে বলেই মনে করেন ‘মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি এলায়েন্স’ এর প্রধান রিকি এলিসন।
জার্মানির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সম্ভাব্য হুমকি সম্পর্কে আরো ভালভাবে ওয়াকিবহাল হওয়া এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নজরে রাখার জন্য ইউরোপজুড়ে আরো অনেক রাডার বসানো প্রয়োজন বলে জানিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ অবশ্য জার্মানিতে থাড সিস্টেম বসানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র এরিক পাহন বলেছেন, “আপাতত জার্মানিতে থাড বসানোর কোনো পরিকল্পনা নেই। আমরা সম্ভাব্য ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনাও করি না। কারণ, আমাদের সঙ্গে যারা শত্রুতা করতে পারে তাদেরকে আমরা আমাদের অভিপ্রায় সম্পর্কে কোনো সংকেত দিতে চাই না। জার্মানি আমাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্রদেশ।”
বিশ্লেষকরা বলছেন, জার্মানিতে থাড মোতায়েন করা হলে ইউরোপে নেটো মিত্রদেশগুলো সম্ভাব্য হুমকি থেকে আরো সুরক্ষার নিশ্চয়তা পাবে। তবে এতে করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনাও আরো বাড়বে।
