সিরিয়ায় মার্কিন বাহিনীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে: আসাদ
যুক্তরাষ্ট্র যদি শিগগিরই সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার না করে তাহলে তাদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বাশার আল-আসাদ।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটন সমর্থিত বাহিনীর সঙ্গে যুদ্ধের ময়দানে মধ্যস্থতা করতে রাজি হলেও তাদের দখলে থাকা ভূমি পুনঃদখলে ছাড় দেওয়া হবে না।
মার্কিন বাহিনী সেসময় বিদ্রোহী বাহিনীগুলোকে সমর্থন দেবে কি দেবে না তার ওপর সিরীয় বাহিনীর কৌশলে কোনো পরিবর্তন আসবে না, সাক্ষাৎকারে আসাদ এমন ইঙ্গিত দিয়েছেন বলেও খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা সিরিয়ায় ক্রিয়াশীল আসাদবাহিনী কিংবা তাদের ইরানি মিত্রদের সঙ্গে লড়াইয়ে ইচ্ছুক নয়। তবে, সেখানে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন সৈন্য এবং অংশীদারদের সুরক্ষায় ‘প্রয়োজনীয় ও যথোপযুক্ত শক্তি’ ব্যবহারে পিছপা হবে না।
আরটিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের কটু বাক্যেরও প্রত্যুত্তর দিয়েছেন আসাদ।
এপ্রিলে দৌমায় সন্দেহভাজন গ্যাস হামলার পর সিরিয়ার প্রেসিডেন্টকে ‘পশু’ অ্যাখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আসাদ বলেছেন, এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টকে কিছু বলবেন না তিনি।
“এটা আমার ভাষা নয়, এ কারণেই একই ধরনের কিছু বলতে পারি না আমি। এটা তার ভাষা, এটা তাকে প্রতিনিধিত্ব করে। এ বিষয়ে সুপরিচিত একটি তত্ত্ব আছে, সেটি হলো- তুমি তা-ই, যা তুমি বল,” বলেন আসাদ।
রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে আসাদবাহিনী সিরিয়ার গৃহযুদ্ধে সামরিকভাবে দোর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেছে বলে মন্তব্য রয়টার্সের। সাত বছর ধরে চলা ওই গৃহযুদ্ধে এরই মধ্যে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন; কোটি সিরীয় হয়েছেন উদ্বাস্তু, যাদের অর্ধেকেরই স্থান হয়েছে বিদেশের মাটিতে শরণার্থী হিসেবে।
কুর্দি আধাসামরিক বাহিনী ওয়াইপিজির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) সহায়তা করতে সিরিয়ায় এখনো মার্কিন বিশেষ বাহিনীর দুই হাজারের মতো সৈন্য আছে বলে ধারণা করা হয়।
বহুপক্ষীয় যুদ্ধে ক্ষয়ক্ষতি এড়াতে সরকারিবাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ এড়ানোর চেষ্টা করা যুক্তরাষ্ট্র সমর্থিত এই বাহিনী এখন পর্যন্ত সিরিয়ার বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
আসাদ বলছেন, তার সরকার এসডিএফের সঙ্গে মধ্যস্থতার দরজা খুলতে শুরু করেছে।
“এটাই প্রথম পছন্দ। যদি না হয়, তাহলে শক্তি প্রয়োগ করে হলেও এলাকাগুলোকে স্বাধীন করার পথ বেছে নেব। আমাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, আমেরিকা (তাদের সঙ্গে) থাকুক, কি না থাকুক,” বলেন সিরীয় প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রকে ‘সিরিয়া ছাড়তেই হবে’ মন্তব্য করে ওয়াশিংটনকে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতেও পরামর্শ দিয়েছেন আসাদ।
পেন্টাগনের ধারণার চেয়েও ওই যুদ্ধ বেশি দীর্ঘ এবং বেশি ব্যয়বহুল হয়েছে, মন্তব্য তার।
“কোনো আইনী বাধ্যবাধকতা ছাড়াই তারা (যুক্তরাষ্ট্র) ইরাকে এসেছিল, তাদের কি হয়েছে দেখুন। সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, ইরাকের মতো সিরিয়াও ব্যতিক্রম নয়,” বলেন আসাদ।
ট্রাম্প এর আগে এপ্রিলে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েও পরে পিছিয়ে এসেছিলেন।
আসাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় এসডিএফের মুখপাত্র কিনো গেব্রিয়েল বলেন, সামরিক সমাধানের পথ বেছে নিলে তা সিরীয় জনগণের জন্য আরও জটিলতা, ক্ষয়ক্ষতি ও ধ্বংস ডেকে আনবে।
“জাতিগত ও ধর্মীয় সকল গোষ্ঠীকে নিয়ে বৈচিত্র্যপূর্ণ, সমতা, মুক্তি ও ন্যায়ের ভিত্তিতে একটি গণতান্ত্রিক কাঠামো চায় এসডিএফ,” বলেছেন তিনি।
