ইতালিতে জোট সরকার গঠন
নির্বাচনের প্রায় তিন মাস পর ইতালির পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দুই দল ফাইভ স্টার ও রাইট-উইং লিগ জোট সরকার গঠনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে।
সম্ভাব্য প্রধানমন্ত্রী জুসেপ কন্তে বৃহস্পতিবার প্রেসিডেন্ট সের্গিও মাত্তারেল্লার কাছে মন্ত্রীদের একটি তালিকা উপস্থাপন করেছেন বলে জানায় বিবিসি।
শুক্রবার ওই মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে।
যদিও কন্তে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার প্রেসিডেন্টের কাছে মন্ত্রীদের তালিকা উপস্থাপন করলেন।
প্রথম দফায় অর্থমন্ত্রী নিয়োগ নিয়ে প্রেসিডেন্টের আপত্তির কারণে তা ভেস্তে গিয়েছিল।
বিনিয়োগকারীদের উদ্বেগের কথা চিন্তা করে প্রেসিডেন্ট মাত্তারেল্লা ইউরোপ বিরোধী পাওলো সাভোনাকে অর্থমন্ত্রী নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
যার জেরে ইতালির জোট সরকারের দুই শরিক দল থেকেই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তোলা হয়।
পরে দফা দফায় আলোচনার পর বৃহস্পতিবারের নতুন তালিকায় অর্থমন্ত্রীর নাম পরিবর্তন করা হয়।
নতুন তালিকায় অর্থনীতির অধ্যাপক জিওভান্নি রিয়াকে অর্থমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা ও কন্তে।
ফাইভ স্টার ও রাইট-উইং লিগের পক্ষ থেকেও এক যৌথ বিবৃতিতে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, “সম্ভাব্য মন্ত্রীরা সবাই জোট সরকার গঠনে বৈঠক করেছেন।”
গত মার্চে ইতালিতে জাতীয় নির্বাচন হলেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
তারপর থেকে সবচেয়ে বেশি আসন পাওয়া দুই দল ফাইভ স্টার পার্টি ও রাইট-উইং লিগ জোট সরকার গঠনের চেষ্টা করছে।
