জনসম্মুখে নারীদের নেকাব নিষিদ্ধ করল ডেনমার্ক
জনসম্মুখে মুসলিম নারীদের নেকাব পরা নিষিদ্ধ করেছে ডেনমার্ক। পার্লামেন্টের ভোটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে।
বৃহস্পতিবার বিলটি পাস হয়। এতে বলা হয়েছে, জনসম্মুখে নারীদের মুখমণ্ডল ঢেকে চলাফেরা করা ড্যানিশ সমাজের প্রচলিত মূল্যবোধের পরিপন্থি।
১ অগাস্ট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিরোধীরা বলছে, এতে করে নারীদের নিজেদের পছন্দমত পোশাক পরার অধিকার ক্ষুন্ন করা হচ্ছে।
ডেনমার্কের বিচারমন্ত্রী বলেছেন, যেসব নারী আইন ভঙ্গ করবেন তাদেরকে নেকাব সরাতে বলা হবে না। তবে জরিমানা করা হবে এবং বাড়ি ফিরে যেতে বলা হবে। জরিমানা হতে পারে ১ হাজার ড্যানিশ ক্রোন থেকে ১০ হাজার ক্রোন পর্যন্ত।
ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, বুলগেরিয়া এবং জার্মানিও জনসমক্ষে নারীদের মুখঢাকা পর্দাপ্রথা নিষিদ্ধ করেছে। এখন ডেনমার্কও সেই কাতারে নাম লেখাল।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে ডেনমার্কে নেকাব নিষিদ্ধের বিল আনার প্রস্তাব দেওয়ার পর এটি পার্লামেন্টে উত্থাপন করেছিল সরকার।
