২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ বেসামরিক নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনীর রাত্রিকালীন এক অভিযানে অন্তত নয় বেসামরিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 03:35 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

সোমবার রাতের ওই অভিযানে নিহতদের মধ্যে আফগানিস্তান সিনেটের স্পিকার ফজল হাদি মুসলিমাইয়ারের আত্মীয়রাও রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রাদেশিক গভর্নরের দপ্তর, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নানগারহারের চাপাহার জেলায় চালানো এই অভিযানে আরও আট জন আহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী জালালাবাদের নিকটবর্তী এই জেলাটির স্থানীয় কিছু বাসিন্দা অভিযানে ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন।

জঙ্গিগোষ্ঠী তালেবান বসন্তকালীন অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর থেকে প্রায় পুরো আফগানিস্তানজুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটির উত্তরালীয় প্রদেশ বাদাখশান, বাগলান ও ফারিয়াব, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে।

এরমধ্যে ফারাহর রাজধানী শহরটি পতনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল।

মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি জেলার কেন্দ্রস্থলে মাদক উৎপাদনের কেন্দ্র হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে আসা সড়ক যোগাযোগের প্রধান সংযোগস্থল তালেবানদের হাতে পড়ার ঝুঁকির মুখে আছে।

প্রাদেশিক পরিষদের সদস্য হায়াতুল্লাহ ফজলি জানিয়েছেন, উরুজগান প্রদেশের কেন্দ্রস্থলের চোরা জেলার গভর্নর কম্পাউন্ড ও পুলিশ সদরদপ্তর ছেড়ে আসতে বাধ্য হয়েছে নিরাপত্তা বাহিনী, তবে লড়াই অব্যাহত আছে।

প্রাদেশিক গভর্নরের দপ্তর ওই জেলায় তীব্র লড়াই চলছে বলে নিশ্চিত করলেও বিদ্রোহীদের হাতে জেলাটির পতন হয়েছে, এমন খবর অস্বীকার করেছে।

ওই জেলায় ধৃত আফগান সেনাদের ভিডিও প্রচার করে তালেবান তাদের বিরুদ্ধে যুদ্ধ না করার জন্য অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছে।

আফগানিস্তান থেকে জাতিসংঘ অ্যাসিস্ট্যান্ট মিশনের প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানজুড়ে ৭৬৩ বেসামরিক নিহত ও এক হাজার ৪৯৫ জন আহত হয়েছেন।