নিউ ইয়র্কে ২৫তলা থেকে ঝাঁপিয়ে পড়ে সন্তানসহ আত্মাহুতি মডেলের
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি হোটেলের জানালা দিয়ে নিজের সাত বছর বয়সী সন্তানসহ লাফিয়ে পড়ে জীবনাবসান ঘটিয়েছেন একজন সাবেক মডেল।
ঘটনাস্থলেই ৪৭ বছর বয়সী নারী স্টেফানি আডামস ও তার সন্তান ভিনসেন্টকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় সময় শুক্রবার সকালে ম্যানহাটনের কেন্দ্রস্থলের গোথাম হোটেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
সন্তানটির হেফাজত নিয়ে সাবেক স্বামীর সঙ্গে তার একটি তিক্ত আইনী লড়াই চলছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বৃহস্পতিবার সন্ধ্যায় আডামস গোথাম হোটেলের ২৫তলায় একটি প্যান্থাহাউজ স্যুইট ভাড়া নিয়েছিলেন।
এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ওই নারী ও বালকটি হোটেলটির পেছন দিকে ২৩তলা নিচে দ্বিতীয় তলার একটি ব্যালকনিতে গিয়ে পড়ে।
পরিস্থিতি তদন্ত করে দেখছে পুলিশ, তবে পুলিশ কর্মকর্তাদের রেডিও যোগাযোগ থেকে ঘটনাটির পেছনে আত্মহত্যা একটি কারণ হতে পারে, এমন ধারণা পাওয়া গেছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
হোটেলটির রেস্তোরাঁর এক ওয়েটার নিউ ইয়র্ক ডেইলি নিউজকে বলেছেন, “হোটেলের অতিথিদের একজন তাকে ডেকে লবিতে নিয়ে যায়। তারা বলে, ‘আমরা একটি মৃতদেহ দেখতে পাচ্ছি।’ তারা একজনের কথা বললেও পরে তারা সেখানে দুটি মৃতদেহ আছে বলে বুঝতে পারেন।”
আডামসের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, তিনি প্লেবয় সাময়িকীর মিস নভেম্বর, ১৯৯২ হয়েছিলেন এবং একবার হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে ডেট করেছিলেন।
সন্তানের হেফাজত নিয়ে সাবেক স্বামী ম্যানহাটনের একটি ক্লিনিকের মালিক চার্লস নিকোলাইয়ের সঙ্গে তার আইনী লড়াই চলছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এই সাবেক দম্পতি বুধবার সকালে ম্যানহাটনের সর্বোচ্চ আদালতে হাজির হয়েছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
