২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারি-মেগানের ৩ কোটি পাউন্ডের বিয়ে

ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বহুল আলোচিত বিয়েতে ব্রিটিশ সরকারের তিন কোটি পাউন্ডেরও বেশি ব্যয় হবে বলে খবর গণমাধ্যমের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2018, 06:09 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবারের বিশাল এই অনুষ্ঠানের মোট ব্যয় তিন কোটি ২০ লাখ পাউন্ড বলে হিসাব করেছে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনাকারী প্রতিষ্ঠান ব্রাইডবুক।

এর মধ্যে নিরাপত্তা বাবদ খরচ তিন কোটি পাউন্ডেরও বেশি বলে নিজেদের হিসাবে জানিয়েছে ব্রাইডবুক। তবে অন্যান্যদের হিসাবে নিরাপত্তা বাবদ খরচ দুই কোটি ২০ লাখ পাউন্ডের কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।

২০১১ সালে অপর ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে নিরাপত্তা বাবদ ৬৩ লাখ ৫০ হাজার পাউন্ড খরচ হয়েছিল বলে পাওয়া তথ্যে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন (পিএ) । এই অর্থের মধ্যে ২৮ লাখ পাউন্ড পুলিশের ওভারটাইম বাবদ এবং ওই দিন দায়িত্বে থাকা অতিরিক্ত প্রায় পাঁচ হাজার পুলিশের জন্য খরচ হয়েছিল।

এর আগে তথ্যের স্বাধীনতা আইনের অধীনে করা অনুরোধে জানা গিয়েছিল, লন্ডন মেট্রোপলিটন পুলিশের নেওয়া নিরাপত্তা ব্যবস্থার মোট খরচ ছিল ৭২ লাখ পাউন্ডের কাছাকাছি।

যাহোক ওই বিয়ের সব ধরনের নিরাপত্তা বাবদ ব্যায় এক কোটি থেকে দুই কোটি পাউন্ডের মধ্যে ছিল বলে হিসাব করা হয়। ওই বিয়ের সময়কালে সন্ত্রাসবাদবিরোধী তৎপরতা উচ্চপর্যায়ে ছিল।

এখনকার বিয়েটি যদিও রাজধানী লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে না, তারপরও হিসাবকৃত খরচ অনেক বেশি এই কারণে যে, গত ১৮ মাসে বিভিন্ন হামলার ঘটনায় যুক্তরাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি আছে, এর পাশাপাশি প্রিন্স হ্যারির সঙ্গে ব্রিটিশ সামরিক বাহিনীর সম্পর্কের কারণে ঝুঁকি আরও বেড়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে বিয়ের দিন উইন্ডসর ক্যাসলে উৎসবে যোগ দিতে আসা দুই হাজারেরও বেশি সাধারণ মানুষের জন্য করা নিরাপত্তা পরিকল্পনা।

নিরাপত্তার এই সব খরচ ব্রিটিশ করদাতাদেরই বহন করতে হবে বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

ট্যাক্সপেয়ার্স অ্যালায়েন্সের নীতি বিশ্লেষক ডানকান সিম্পসন বলেছেন, “রাজকীয় বিয়েটি যুক্তরাজ্যের একটি উত্তেজনাকর সময়। এই দিনটিতে নবদম্পতি এবং অন্যান্য যারা উইন্ডসরে আসবেন তারা যেন গণউৎসবেরে এই আবহে নিরাপদ বোধ করেন তার জন্য সবচেয়ে কম খরচে সব ধরনের নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছে।”

বিয়ের বাকি খরচ রাজপরিবার তাদের নিজেদের তহবিল থেকে দিবে। তবে বিয়ের দিন তারা যেহেতু জনগণের কাছ থেকে তহবিল গ্রহণ করবে তাই করদাতারা এই বিয়ের জন্য মোট কত টাকা ব্যয় করবেন তা নির্ধারণ করা কঠিন হয়ে গেছে বলে মন্তব্য ইন্ডিপেন্ডেন্টের।