ইরাকের নির্বাচন: সরকার গঠনের অপেক্ষায় সদর জোট
সাধারণ নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর নতুন সরকার গঠনে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও একইসঙ্গে ইরানবিরোধী হিসেবে পরিচিত ইরাকের ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের নেতৃত্বাধীন জোট।
শনিবার আনুষ্ঠানিক ফল ঘোষণায় সদরের সাইরুন জোটকেই বিজয়ী ঘোষণা করে ইরাকের নির্বাচন কমিশন। প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী ৩২৯ আসনের মধ্যে তাদের ঘরে ৫৪টি আসন গেছে বলে জানিয়েছে রয়টার্স।
ইরান সমর্থিত হাদি আল আমিরির আল-ফাতিহ জোট দ্বিতীয় স্থান অর্জন করেছে, তারা পেয়েছে ৪৭টি আসন। ৪২টি আসন নিয়ে এরপরেই আছে বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির ভিক্টরি অ্যালায়েন্স।
ইরাকের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোটের সরকার গঠনের জন্য সংসদের অর্ধেকের বেশি প্রতিনিধির সমর্থন লাগবে। যে কারণে, অন্যান্য জোটের সঙ্গেও দরকষাকষির প্রয়োজন হবে কমিউনিস্ট ও ধর্মনিরপেক্ষদের নিয়ে গঠিত সদরের সাইরুন জোটকে।
নির্বাচনে অংশ না নেওয়ায় সদর নিজে প্রধানমন্ত্রী হতে পারছেন না; তবে তার জোটই সরকার গড়লে, কে প্রধানমন্ত্রী হবেন তা নির্ধারণে বড় ভূমিকা থাকবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুই দফা বিস্তৃত বিক্ষোভের নেতৃত্ব দেওয়া এ ধর্মীয় নেতার।
সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচয় দেওয়া সদর হচ্ছেন মধ্যপ্রাচ্যের সেই বিরল শিয়া নেতাদের একজন ইরানের সঙ্গেও যার দূরত্ব আছে বলে ভাষ্য পশ্চিমা গণমাধ্যমগুলোর। নির্বাচনের আগে ধর্মনিরপেক্ষ ও উদারপন্থিদের ইরাক শাসন করতে দেওয়া হবে না বলে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছিল তেহরান।
দুর্নীতিবিরোধী অবস্থান ও সরকারের অকার্যকর শাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণেই এবারের নির্বাচনে তরুণ ও দরিদ্র ইরাকিরা সাইরুন জোটের পক্ষ নিয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। কমিউনিস্ট ও ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে গড়ে ওঠা সদরের এ জোট ইরাকে যে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছে।
তেলের কম দামে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনর্গঠন এবং মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক জোটের সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত এলাকাগুলোতে স্কুল ও হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি আছে তাদের।
নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পর তাৎক্ষণিক এক টুইট বার্তায় সদর বলেছেন, “সংস্কার জয়ী হয়েছে, দুর্নীতি পরাজিত।”
তবে সবচেয়ে বেশি আসন জিতলেও সদরের জোটই যে ক্ষমতায় বসতে যাচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সরকার গড়তে অন্যদেরও বড় সমর্থন লাগবে সাইরুন জোটের।
সংবিধান অনুযায়ী ফল ঘোষণার ৯০ দিনের মধ্যেই নতুন সরকারকে দায়িত্ব নিতে হবে।
এর আগে ২০১০ সালের নির্বাচনেও নেতৃত্বাধীন অংশ সবচেয়ে বেশি আসন জিতলেও প্রধানমন্ত্রী হতে পারেননি আয়াদ আলাউয়ি। তেহরানই এর জন্য দায়ী ছিল বলে পরে অভিযোগও করেছিলেন ইরাকের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট।
নির্বাচনে খারাপ ফল করলেও দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্ব পেয়ে যেতে পারেন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশেরই বিরল মিত্রদের একজন হায়দার আল আবাদি। আইএসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনীর সাহায্য নেওয়া আবাদি জঙ্গিগোষ্ঠীটিকে মোকাবিলায় ইরান সমর্থিত শিয়া আধাসামরিক বাহিনীগুলোকে দেশজুড়ে অবাধে বিচরণেরও সুযোগ করে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী হতে পারেন ইরাকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে বিবেচিত হাদি আল-আমিরিও। নির্বাচনে তার জোট ফাতিহ দ্বিতীয় হলেও অন্যদের সঙ্গে দেনদরবারের পর সরকার গড়ার সুযোগ তৈরি হতে পারে তারও।
নতুন সরকারকে মার্কিন প্রেসিডেন্টের ইরান পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে মোকাবেলা করে এগুতে হবে বলে জানিয়েছে রয়টার্স। ২০১৫ সালে তেহরানের সঙ্গে হওয়া ছয় বিশ্বশক্তির ওই চুক্তি থেকে সপ্তাহখানেক আগে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে ইরাক তেহরান ও ওয়াশিংটনের সংঘাত-সংঘর্ষের মঞ্চে পরিণত হতে পারে বলেও শঙ্কা অনেক ইরাকির।
নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণার পর শীর্ষ জোটগুলোর পাশাপাশি স্থানীয় দল ও গোষ্ঠীগুলোর তৎপরতাও বেড়েছে। বাগদাদে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের রেভলুশনারি গার্ডের বিদেশি কার্যক্রম দেখভালকারী প্রভাবশালী কর্মকর্তা মেজর জেনারেল কাশেম সোলায়মানি।
দরকষাকষির মাধ্যমে সরকার গঠনে কয়েক মাসও লেগে যেতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।
