২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় অসম শক্তি ব্যবহার করেছে ইসরায়েল: জাতিসংঘ কর্মকর্তা

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেঈদ রাদ আল হুসেইন বলেছেন, গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ ঠেকাতে ইসরায়েল  অসম শক্তি ব্যবহার করেছে। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 09:00 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

বিবিসি জানায়, জেনেভায় এক বৈঠকে হুসেইন বলেছেন, গাজাবাসীরা বিষাক্ত এক ঘুপচি বস্তিতে খাঁচাবন্দি হয়ে আছে। গাজায় ইসরায়েলের দখলদারিত্বের অবসান হতে হবে।

গাজা নিয়ে জরুরি এক অধিবেশনে তিনি বলেন, দুই পক্ষে হতাহতের ঘটনার তীব্র বৈপরিত্য থেকেই ইসরায়েলের অসম শক্তির ব্যবহারের বিষয়টি প্রকাশ পায়।

তাছাড়া, হতাহতের ঘটনা কম হওয়ার জন্য ইসরায়েলের কোনো চেষ্টার প্রমাণও তেমন নেই এবং ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই হত্যাযজ্ঞ চালিয়েছে এমনটি হওয়াও অসম্ভব নয় বলে হুসেইন মন্তব্য করেন।

তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন ফোর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন। যে আইনে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিধান আছে।

গাজায় সহিংসতার আন্তর্জাতিক, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বানকে হুসেইন সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে।

তবে ইসরায়েলের রাষ্ট্রদূত আবিবা রাজ শেখর এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, গাজার ইসলামপন্থি শাসকরা জনগণকে ক্ষতির পথে ঠেলে দিচ্ছে।

তাছাড়া, জাতিসংঘ মানবাধিকার পরিষদ ফের জঘন্য ইসরায়েল বিরোধী পক্ষপাতদুষ্টতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলেও আবিবা মন্তব্য করেন।

সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার দিন ইসরায়েল-গাজা সীমান্তে ক্ষোভে ফেটে পড়া ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সেনাদের সংঘর্ষে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি পক্ষে মাত্র একজন সেনা ফিলিস্তিনিদের ছোড়া পাথরে সামান্য আহত হয়েছে মাত্র।

নিজ ভূমিতে ফেরত যাওয়ার অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা গাজা সীমান্তে বিক্ষোভ শুরু করে। সে বিক্ষোভে এ পর্যন্ত ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক বিশ্ব উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকেই সমর্থন দিয়ে যাচ্ছে।