২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্ন্যুৎপাত: ৯ কিলোমিটার উপরে ছাই ছুড়ে মারল কিলাউয়া

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরিতে বড় ধরনের অগ্ন্যুৎপাতের সময় ৩০ হাজার ফুট উপরে ছাইয়ের অস্তিত্ব দেখা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 02:04 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

সপ্তাহ দুয়েক আগে আগ্নেয়গিরিটির জ্বালামুখ দিয়ে লাভা উদগিরণ শুরুর পরপরই সেখানে জরুরি অবস্থা জারি করা হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে বড় ধরণের বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি; একই সময়ে আকাশের দিকে নয় হাজার ১০০ মিটার উপরে ছাই ছুড়ে দেয় কিলাউয়া। 

পরের দিকে অগ্ন্যুৎপাতের মাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

সাবধানতার অংশ হিসেবে বিগ আইল্যান্ডের আগ্নেয়গিরি পর্যবেক্ষক ও জাতীয় উদ্যানের কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। এই বিগ আইল্যান্ডেই মাউন্ট কিলাউয়ার অবস্থান।

চলতি মাসের শুরুতে এর অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর থেকে হাওয়াইয়ের দ্বীপটির অধিকাংশ বাড়িঘর লাভায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছাইয়ের মেঘের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে জানিয়ে এলাকাটির আশপাশ দিয়ে উড্ডয়নের ক্ষেত্রে বিমানচালকদেরও সতর্ক করা হয়েছে।

লাভার স্তর নেমে যাওয়ায় আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের। 

“এর চেয়েও বড়, শক্তিশালী কিছু ঘটতে পারে,” বৃহস্পতিবারের বিস্ফোরণের পর সাংবাদিকদের জানান ভূতাত্ত্বিক মাইকেল কুম্বস।

বৃহস্পতিবারের বিস্ফোরণের আগেও আগ্নেয়গিরিটি থেকে নিঃসৃত ছাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখা যাচ্ছিল বলেও জানিয়েছে বিবিসি।

ছাইয়ের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সম্ভব হলে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

দ্বীপটির সক্রিয় পাঁচটি আগ্নেয়গিরির একটি কিলাউয়াতে তিন দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অগ্ন্যুৎপাত ঘটছে। অবশ্য বেশিরভাগ সময়ই এ অগ্ন্যুৎপাতের মাত্রা ছিল সামান্য।

১৯২৪ সালে আগ্নেয়গিরিটিতে সর্বশেষ বড় ধরণের অগ্ন্যুৎপাত হয়েছিল।