২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া যুদ্ধ: রাশিয়ায় আসাদ-পুতিন বৈঠক

সিরীয় যুদ্ধের পরিস্থিতি নিয়ে কথা বলতে রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাশার আল-আসাদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 12:27 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

কৃষ্ণসাগরের কাছে সোচিতে পুতিনের গ্রীষ্মকালীন বাসভবনে বৃহস্পতিবার এ বৈঠক হয় বলে ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সাত বছর আগে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদের বিদেশ সফরের ঘটনা বিরল হলেও এই সময়ের মধ্যে অন্তত তিনবার পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া সফর করেছেন সিরীয় প্রেসিডেন্ট।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও বিরোধী বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহে জেরবার আসাদের পক্ষে ২০১৫ সালে প্রকাশ্যে মাঠে নামে মস্কো। এরপর থেকেই যু্দ্ধের মোড় ঘুরে যায়।

রাশিয়ার অব্যাহত বিমান হামলা, ইরান ও লেবাননভিত্তিক হিজবুল্লাহর সমর্থন নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার অধিকাংশ এলাকাকে দখলমুক্ত করেছে করেছে সরকারিবাহিনী।

দামেস্কে রুশ সামরিক উপস্থিতি কেবল সিরীয় প্রেসিডেন্ট আসাদের ভাগ্যই প্রসন্ন করেনি, মধ্যপ্রাচ্যে মস্কোর প্রভাবকেও শক্তিশালী করেছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

কৃষ্ণসাগরের কাছে সোচির অবকাশযাপনকেন্দ্রে বৃহস্পতিবারের বৈঠকে আসাদ মার্চের নির্বাচনে ফের জয়ী হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ায় পুতিনকে অভিনন্দন জানান বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন। সিরিয়ায় রুশ বাহিনীর সহযোগিতার জন্যও ধন্যবাদ দেন আসাদ।

“স্থিতিশীলতার ক্রমশ উন্নতি ঘটছে, এর ফলে রাজনৈতিক প্রক্রিয়ার দরজাও খুলে গেছে, যা কিছুকাল আগে থেকেও শুরু হয়েছে। আমি সবসময় বলেছি, ফের বলছি, আমরা রাজনৈতিক প্রক্রিয়াকে সবসময় মনপ্রাণ দিয়ে সমর্থন করে আসছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে সমান্তরালে যা চলা উচিত,” বৈঠকের শুরুতেই আসাদ এমনটাই বলেছেন বলে ক্রেমলিনের ওয়েবসাইটে জানানো হয়েছে।

“আমরা জানি এটা সহজ হবে না, কেননা অনেক দেশই সিরিয়ায় স্থিতিশীলতা ফিরে আসুক চায় না। তারপরও আপনাদের সঙ্গে এবং আমাদের অন্যান্য মিত্র ও অংশীদারদের নিয়ে আমরা শান্তির পথে দৃঢ পদক্ষেপে এগিয়ে যাব,” রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন আসাদ। 

প্রত্যুত্তরে পুতিন সিরিয়ার যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য আসাদসমর্থক সরকারি বাহিনীকে অভিনন্দন জানান বলেও জানিয়েছে ক্রেমলিন।

“সন্ত্রাসীরা সিরিয়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে হাত গুটিয়ে নিয়েছে, যার ফলে সেখানকার অবকাঠামো পুনর্গঠনেরও সুযোগ সৃষ্টি হয়েছে,” বলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট সিরিয়ায় পূর্ণ উদ্যমে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করারও তাগিদ দেন।

আসাদের রাশিয়া সফরের কথা আগে থেকে জানানো হয়নি। বৈঠক শেষে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিরীয় প্রেসিডেন্টের সোচিতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করেন।

এ নিয়ে দ্বিতীয়বার রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে সোচি গেলেন আসাদ। গত বছরের নভেম্বরেও রাশিয়া সফরে গিয়ে কৃষ্ণসাগরের কাছে তুলনামূলক উষ্ণ এ শহরে গিয়েছিলেন সিরীয় প্রেসিডেন্ট।

আসাদ এর আগে সিরিয়ায় রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর ২০১৫ সালের অক্টোবরে মস্কো গিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।