২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ২৫ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে দুঃখপ্রকাশ

নির্ধারিত সময়ের মাত্র ২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছে জাপানের একটি রেল কোম্পানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 09:30 PM

Updated : 08 Apr 2022, 06:23 PM

কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটিতে এ ঘটনা ঘটল।

রেল পরিচালনা কোম্পানি বলেছে, “যাত্রীদের যে ভীষণ অসুবিধায় আমরা ফেলেছি তা সত্যিই ক্ষমার অযোগ্য।”

এর আগে গতবছর নভেম্বরে জাপানে একটি ট্রেন নির্ধারিত সময়ের ২০ সেকেন্ড আগে স্টেশন ছেড়ে গিয়েছিল। আর এবার ট্রেন ছেড়েছে পুরো ২৫ সেকেন্ড আগে।

জাপানে যেখানে সময়ানুবর্তিতা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা হয়, সেখানে এমন ঘটনা বার বার ঘটাকে যাত্রীরা রেলের মান পড়ে যাওয়া বলেই মনে করছেন।

এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে গেছে। একজন টুইট করেছেন, “ছি জাপান, কী লজ্জা!! ২৫ সেকেন্ড আগে যাত্রা? আমি যদি ৪ সেকেন্ড আগে ট্রেন ধরতে চাইতাম তাহলে কি হত?”

জাপান টুডে পত্রিকা বলছে, ট্রেনের কন্ডাকটর ভেবেছিলেন, নোতোগাওয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা সকাল ৭টা ১১ মিনিটে। অথচ ট্রেন ছাড়ার নির্ধারিত সময় ছিল আসলে সকাল ৭টা ১২ মিনিট।

ট্রেনের দরজা এক মিনিট আগে বন্ধ করে দেওয়ার পর কন্ডাকটর তার ভুল বুঝতে পারেন। তখনো ভুল শোধরানোর জন্য কয়েক সেকেন্ড সময় ছিল। কিন্তু প্ল্যাটফর্মে অপেক্ষমাণ কোনো যাত্রী না দেখে তিনি ট্রেন ছেড়ে দেন।

পরে জানা যায় যে, ট্রেনটিতে ওঠার জন্য যাত্রী তখনো বাকি ছিল। তারা ট্রেন ধরতে না পেরে পরে রেল কোম্পানির কাছে অভিযোগ করেন। এরপরই কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়।

এর আগের বারেও টোকিও ও সুকুবা শহরের মধ্যে চলাচল করা সুকুবা এক্সপ্রেস লাইনের ট্রেন ২০ সেকেন্ড আগে ছাড়ায় রেল কর্তৃপক্ষকে দুঃখ প্রকাশ করতে হয়েছিল।

সেবারও ট্রেন ছাড়ার সময় নিয়ে কন্ডাকটরের ভুলের কারণে আগে ছেড়ে গিয়েছিল ট্রেন। তবে সেবার ট্রেন ধরার জন্য কোনো যাত্রী বাকি ছিল না।