কাতালুনিয়ার নতুন নেতা কুইম তোরা
স্পেনের স্বায়ত্ত্বশাসিত কাতালান পার্লামেন্ট কট্টর বিচ্ছিন্নতাপন্থি কুইম তোরাকে নতুন নেতা নির্বাচিত করেছে।
যদিও তোরাকে প্রেসিডেন্ট নির্বাচন করা নিয়ে কাতালান পার্লামেন্ট দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। সোমবারের ভোটে ৬৬ জন তোরার পক্ষে ৬৫ জন বিপক্ষে ভোট দেন এবং চারজন ভোট দানে বিরত ছিলেন।
তোরা নেতা নির্বাচিত হওয়ায় কাতালুনিয়ায় মাদ্রিদের ৭ মাসের সরাসরি শাসন অবসানের পথ সুগম হল। তবে সেইসঙ্গে স্পেন থেকে স্বাধীনতাকামী এ অঞ্চলটিতে আরো বেশি রাজনৈতিক অনিশ্চয়তাও রয়ে গেল।
রাজনীতিতে নতুন হলেও কাতালুনিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনের ঘনিষ্ঠজন হওয়ায় তোরার প্রেসিডেন্ট হওয়ার পথ প্রশস্ত হয়েছে বলে ধারণা আন্তর্জাতিক গণমাধ্যমের।
কাতালান পার্লামেন্টের স্বাধীনতা বিরোধী চার এমপি প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকার ঘোষণা দেওয়ার পর তোরার সামনে নেতা হতে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট ছিল।
যদিও শনিবার প্রথমবারের চেষ্টায় সুনির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ওই ভোট আয়োজন সফল হয়নি।
৫৫ বছরের তোরা স্বাধীনতা প্রশ্নে গত বছর ১ অক্টোবরের গণভোটের ফলকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, তিনি একটি স্বাধীন প্রজাতন্ত্র গঠনের লড়াই চালিয়ে যাবেন।
যদিও স্পেনের উচ্চ আদালত গণভোটের ফলে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গণভোটের ফলের পর একতরফা স্বাধীনতা ঘোষণা করে বেলজিয়ামে পালিয়ে গিয়েছিলেন কাতালুনিয়ার তৎকালীন নেতা পুজদেমন। পরে স্পেন সরকার তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বেলজিয়াম পুলিশের কাছে তিনি আত্মসমর্পন করেন এবং জামিন নেন।
কাতালুনিয়ায় নতুন করে নির্বাচনের আগে এবং পরে কয়েক দফা দেশের ফেরার চেষ্টা করে তিনি ব্যর্থ হন।
