পারমাণবিক চুক্তিতে থাকবে ইরান : রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, স্বার্থ সুরক্ষিত থাকলে তেহরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
ওদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওয়াশিংটনকে ছাড়া এখন চুক্তিটিকে আবার নতুন রূপ দেওয়া হবে বলেই তিনি আশা করছেন।
যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। একাজ করে যুক্তরাষ্ট্র ‘নৈতিকতা লঙ্ঘন’ করেছে বলে টিভিতে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট রুহানি।
তিনি বলেন, “অবশিষ্ট পাঁচটি দেশ যদি চুক্তি মেনে চলে তাহলে যুক্তরাষ্ট্রের ইচ্ছা না থাকলেও ইরান চুক্তিতে থাকবে।”
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে তেহরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে ২০১৫ সালে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে দশ বছর মেয়াদী এ চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান।
চুক্তি অনুযায়ী, গত তিন বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি তেহরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শনের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও পরিদর্শকদেরও নিয়মিত অনুমতি দিয়ে এসেছে।
বারাক ওবামা আমলে স্বাক্ষর হওয়া এ চুক্তি নিয়ে প্রথম থেকেই সমালোচনা মুখর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক ঘোষণায় তিনি চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানান।
তবে চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো বলছে, তারা এখনো চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তিটি বাঁচাতে দেশগুলো জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
