২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের আগে বুরুন্ডিতে হামলায় নিহত ২৬

সংবিধান সংশোধনের প্রশ্নে গণভোটের মাত্র কয়েকদিন আগে বুরুন্ডিতে এক হামলায় অন্তত ২৬ জন নিহত ও সাত জন আহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 11:05 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

শুক্রবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিবিটোকে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় এক প্রশাসক ও বাসিন্দারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুগানদার জেলাপ্রশাসক ইমানুয়েল বিগিরিমানা জানিয়েছেন, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে রুহাগারিকা গ্রামে এ ঘটনা ঘটেছে।

টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, “রাইফেল, রামদা ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে তারা গ্রামটিতে হানা দেয় আর গুলি শুরু করে। ঘটনাস্থলেই কয়েক জনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান।

“হামলাকারীরা প্রায় ২০ জন ছিল এবং তাদের প্রায় সবাই সামরিক উর্দি পরা ছিল।”

গ্রামটির পরিচয় প্রকাশে অনিচ্ছুক তিন বাসিন্দা জানিয়েছেন, হামলাকারীরা সম্ভবত সংবিধান পরিবর্তনের পক্ষে ভোট না দিতে সতর্ক করার জন্য হামলাটি চালিয়েছে।

কিন্তু বিগিরিমানা ওই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছেন, হামলাকারীরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হামলাটি চালায়নি, বিরোধের জের ধরে হামলাটি চালিয়েছে, তিনটি বাড়িতে হামলা চালিয়ে তারা শুধু নারী ও শিশুদের হত্যা করেছে।         

সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হবে কি না, এ প্রশ্নে আগামী ১৭ মে দেশটিতে গণভোট হওয়ার কথা রয়েছে।

বুরুন্ডিজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, সহিংসতা ও অপহরণের ঘটনার মধ্যে গণভোট অবাধ ও সুষ্ঠু হবে না, তারা এমনটি মনে করছে বলে জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।