উত্তর কোরিয়ায় জাতিসংঘ প্রতিনিধির ‘অভূতপূর্ব’ সফর
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বিসলি চার দিনের এক সফরে উত্তর কোরিয়া গিয়ে দেশটির নেতাদের মধ্যে ‘আশাবাদের অনুভূতি’ প্রত্যক্ষ করেছেন।
সফরে কঠোর বিধিনিষেধে ঘেরা কমিউনিস্ট এই দেশটিতে তিনি ‘অভূতপূর্ব ভ্রমণের’ সুযোগ পেয়েছেন বলে শনিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
সফরে বিসলি দুই দিন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ছিলেন আর অপর দুই দিন রাজধানীর বাইরে ছিলেন; এ সময় তার সঙ্গে সরকারি গাইড ছিল।
তিনি জানিয়েছেন, পুষ্টিমান পূরণ করতে দেশটি কঠিন পরিশ্রম করছে এবং ১৯৯০-র দশকে ক্ষুধা যেমন ব্যাপক ছিল এখন আর তেমন নেই।
“সেখানে ইতিহাসের পাতা উলটানোর একটি মনোভাব কাজ করছে,” বলেছেন তিনি।
৮ থেকে ১১ মে পর্যন্ত বিসলি উত্তর কোরিয়া সফরে ছিলেন। এ সময় তিনি ডব্লিউএফপি-র বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এগুলোর মধ্যে দক্ষিণ হওয়াংহি প্রদেশে শিশুদের একটি নার্সারি ও উত্তর পিয়ংইয়ান প্রদেশে বলবৃদ্ধিকারক বিস্কুটের একটি কারখানা ছিল।
তিনি জানিয়েছেন, দেশটির গ্রামাঞ্চলে যে কৃষিজমি তিনি দেখেছেন তাতে দেশটির মাত্র একপঞ্চমাংশ জমি যে কৃষি উপযোগি তা প্রতিফলিত হয়।
“কৃষি জমিগুলো খুব পরিকল্পিত, খুব সংগঠিত; প্রতি ইঞ্চি জমির আগাছা উপড়ে ফেলে আক্ষরিকভাবে ঠিক রাস্তার কিনারা থেকে, বাঁধের নিচ থেকে ফসল বুনছে তারা। ব্যবহারযোগ্য সব জমি কাজে লাগাচ্ছে, কারণ দেশটির অধিকাংশই পর্বতময়।
“১৯৯০-র দশকে যে রকম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেরকম কোনো অনাহার আমি দেখিনি, যা একটি ভাল খবর। তবে সেখানে ক্ষুধা আছে, পুষ্টির ঘাটতিও কি আছে? তা নিয়ে কোনো প্রশ্ন নেই।”
১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত উত্তর কোরিয়ায় দেখা দেওয়া ব্যাপক দুর্ভিক্ষে হাজার হাজার মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হয়।
গত বছর দেশটিজুড়ে খরা দেখা দেওয়ার পর জাতিসংঘ জানিয়েছিল, উত্তর কোরিয়ার প্রতি ১০ জনের মধ্যে সাত জন খাদ্যত্রাণের ওপর নির্ভর করছেন এবং প্রতি ১০ জনের মধ্যে চার জন অপুষ্টিতে ভূগছেন।
গত বছর দেশটির সরকার ধারাবাহিকভাবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল।
কিন্তু সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক একটি নাটকীয় মোড় নিয়েছে। আগামী মাসের ১২ জুন সিঙ্গাপুরে দেশটির নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের বর্তমান কোনো প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার এটিই হবে প্রথম বৈঠক।
