মালয়েশীয় নেতা আনোয়ার ইব্রাহিম ‘মঙ্গলবার মুক্তি পেতে পারেন’
কারাবন্দি মালয়েশীয় নেতা আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার কন্যা নুরুল ইজ্জাহ।
শনিবার তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার জানিয়েছেন, আনোয়ারের আশু মুক্তির জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দেশের রাজার কাছ থেকে পূর্ণ রাজকীয় ক্ষমাও পাবেন তিনি।
তার বাবা মঙ্গলবার মুক্তি পাচ্ছেন, বিষয়টি সঠিক কি না, এমন প্রশ্নের জবাবে টেক্সট বার্তায় নুরুল ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন বলে জানিয়েছে রয়টার্স।
কারাবন্দি আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ। ছবি: রয়টার্স
‘আইনের অপপ্রয়োগ করা হয়েছে’ এই ভিত্তিতে আনোয়ারের জন্য রাজকীয় ক্ষমার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নুরুল।
রাজার ক্ষমা পেলে আনোয়ার কারাগার থেকে মুক্তি পাবেন এবং মাহাথিরের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে তিনিই দক্ষিণপূর্ব এশীয় দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
গত বুধবারের জাতীয় নির্বাচনে মাহাথির-আনোয়ার জোট পাকাতান হারাপান (অ্যালায়েন্স অব হোপ) পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
