২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ প্রধান পদে মনোনীত হাসপেলের পক্ষে ট্রাম্পের সাফাই

ভয়াবহ বন্দী নির্যাতনের জন্য সমালোচিত জিনা হাসপেলের পক্ষে সাফাই গাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 11:34 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধানের পদে নিজের মনোনীত ওই নারী হাসপেলের সমর্থনে ট্রাম্প বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কারণেই তার এত সমালোচনা।

সিআইএ’র বিতর্কিত কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতিতে জিনা হাসপেল তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা ও উদ্বেগের মুখে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিতে চাওয়ার পর ট্রাম্প তার পক্ষে এ সাফাই দিলেন।

মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সিআইএ প্রধানের পদটি খালি হয়। তখনই ওই পদে হাসপেলকে মনোনয়ন দেন ট্রাম্প।

দীর্ঘ ৩৩ বছর ধরে সিআইএ’র হয়ে কাজ করা হাসপেলের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের সময় আটকদের ‘নিপীড়নের’ অভিযোগ আছে। যদিও হাসপেল বেশিরভাগ সময় সিআইএ’র  আন্ডার কাভার এজেন্ট ছিলেন। গতবছর তিনি সিআই এর উপ-পরিচালক হিসেবে কাজ করা শুরু করেন।

সিআইএ পরিচালক হিসাবে তার নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি। হাসপেলের নিয়োগ চূড়ান্ত করতে ৯ মে বুধবার সিনেটে শুনানি হওয়ার কথা আছে। কিন্তু সিনেটে হাসপেলের পক্ষে-বিপক্ষে ৫১-৪৯ বিভক্তির কারণে তার নিয়োগ চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা আছে।

তবে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে তাকে জোরাল সমর্থন দিয়েছেন এবং বিপজ্জনক একটি সময়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতার জন্য হাসপেলই যোগ্য বলে মত দিয়েছেন।

ট্রাম্পের এ সমর্থনের পর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত থেকে হাসপেল এখন সরেও এসেছেন বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন গোয়েন্দা জগতে পরিচিত নাম জিনা হাসপেলের নিয়োগ চূড়ান্ত হলে তিনিই হবেন সিআইএ’র প্রথম নারী প্রধান।

তার বিরুদ্ধে ২০০২ সালে সিআইএ’র ‘ব্ল্যাক সাইটের’ প্রধান হিসেবে থাইল্যান্ডে দায়িত্ব পালনের সময় বন্দি নিপীড়নের অভিযোগ রয়েছে।

ওই সময়ে আল-কায়েদার দুই সন্দেহভাজনকে ওয়াটারবোর্ডিংয়ের মতো নির্যাতনের ঘটনায় জিনা হাসপেল সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে তাকে গুপ্তচরবৃত্তিমূলক কাজের প্রধানের পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল।

ফলে অনেকেই সিআইএ তে হাসপেলের চাকরি, তার উত্থান এবং সর্বোচ্চ পদে তার পদোন্নতি নিয়ে উদ্বিগ্ন।

তবে সোমবার এক টুইটে হাসপেলের সমর্থনে ট্রাম্প বলেছেন, “সিআইএ প্রধানের পদে আমার মনোনীত খুবই সম্মানিত ব্যক্তিত্ব জিনা হাসপলেকে নিয়ে এত সমালোচনার কারণ, তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে খুবই কঠোর। এটা বিবেচনা করলে, এরকম খুবই বিপজ্জনক পরিস্থিতিতে আমাদের কাছে সবচেয়ে যোগ্য ব্যক্তিটি আছেন, একজন নারী যাকে ডেমোক্র্যাটরা সন্ত্রাসের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের কারণে বাতিল করে দিতে চায়। জিনার জয় হোক।”