পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বন্দুকধারীর গুলিতে আহত
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার পাঞ্জাব প্রদেশের নির্বাচনী এলাকা নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে যোগ দেওয়ার পরপরই আহসানকে গুলি করা হয়।
তার কাঁধে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পিএমএল-এন এর নেতা তালাল চৌধুরী বলেন, “তিনি এ যাত্রায় বেঁচে গেছেন। আল্লাহকে ধন্যবাদ যে তিনি এখন বিপদমুক্ত।”
বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার বয়স ২০’র কোটায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাকিস্তানে ১৫ জুলাইয়ে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
আহসান পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) ঊর্ধ্বতন সদস্য।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আহসানের ওপর এ হামলাকে ঘৃণ্য ও নৃশংস আখ্যা দিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিও এ হামলার কড়া নিন্দা জানিয়েছেন এবং পাঞ্জাবের পুলিশ প্রধানকে অবিলম্বে ঘটনার রিপোর্ট দিতে বলেছেন।
