গাজায় বিস্ফোরণে হামাসের ৬ যোদ্ধা নিহত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে এক বিস্ফোরণে তাদের ছয় যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।
শনিবারের এ বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক দলটি, অপরদিকে ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল; খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক বিবৃতিতে এ ঘটনাকে তাদের যোদ্ধাদের বিরুদ্ধে ‘ইহুদিবাদীদের করা শোচনীয় অপরাধ’ বলে বর্ণনা করেছে হামাস।
বিবৃতিতে বলা হয়, “ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুদের পরিচালিত একটি গুরুতর ও মারাত্মক ঘটনা তদন্ত করছিল কাসাম ব্রিগেড। জটিল এই গোয়েন্দা অভিযানটি চলাকালে গাজা ভূখণ্ডের কেন্দ্রীয় এলাকা জাওয়াইদাতে মুজাহিদিনদের বিরুদ্ধে দুঃখজনক এই অপরাধের ঘটনাটি ঘটে।”
গাজা উপকূলের নিকটবর্তী জাওয়াইদা গ্রামটি থেকে ওঠা ধোঁয়ার একটি স্তম্ভ ভিডিও করেছে রয়টার্স টেলিভিশন। এলাকাটি গাজা-ইসরায়েল সীমান্ত থেকে অনেক দূরে।
বিস্ফোরণস্থলের প্রকৃত অবস্থা পরিষ্কার নয় এবং হামাসও বিস্তারিত আর কিছু জানায়নি বলে জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি; তবে এর আগে বাহিনীটির এক জুনিয়র কর্মকর্তা ওই বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জড়িত নয় বলে দাবি করেছিলেন।
৩০ মার্চ থেকে গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এসব সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু। হতাহতের এসব ঘটনায় সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা ফের তীব্র হয়ে উঠছে।
