ডলফিন কাঁধে করে নিয়ে যাওয়া পর্যটককে খুঁজছে চীন
সৈকতে আটকে পড়া ডলফিন কাঁধে করে নিয়ে যাওয়া এক পর্যটককে খুঁজছে চীনের পুলিশ।
চীনের গুয়াংডং শহরে ঘটেছে এ অমানবিক ঘটনা। একটি ভিডিওতে ওই পর্যটককে সৈকতে ডলফিন কাঁধে হেঁটে যেতে দেখা গেছে।
বিটাইম ওয়েবসাইটের খবর অনুযায়ী, পরে তিনি সম্ভবত তার গাড়িতে করে ডলফিনটিকে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেইলিং দ্বীপের সৈকতে মরণাপন্ন অবস্থায় আটকে পড়েছিল ডলফিনটি। পর্যটক সেটিকে ধরে তার কাঁধে তুলে নিয়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠে চলে যান।
ঐ ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
চীনের জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে বলেছে, “ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে।” যারা তথ্য দিতে পারবেন তাদের এগিয়ে আসার অনুরোধও জানানো হয়েছে বিবৃতিতে।
এতে আরো বলা হয়, “ডলফিন চীনে সংরক্ষিত প্রাণির তালিকায় আছে। তাই ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলে শাস্তি দেওয়া হবে।”
ডলফিন কাঁধে করে নিয়ে যাওয়ার ভিডিওটি গত ১ মে চীনের ভিডিও শেয়ারিং সাইট মিয়াওপাই’ তে পোস্ট করেছে বিটাইম ওয়েবসাইট।
এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ভিডিও ৬০ লাখেরও বেশিবার দেখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনাটি নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
