‘মরতে প্রস্তুত’ চীনের নোবেল জয়ী জিয়াওবো’র বিধবা স্ত্রী
চীনের নোবেল শান্তি পুরস্কার জয়ী লেখক ও মানবাধিকার কর্মী লিউ জিয়াওবোর বিধবা স্ত্রী লিউ জিয়া বলেছেন, গৃহবন্দি অবস্থায় তিনি প্রতিবাদে ‘মরতে প্রস্তুত’।
বিবিসি জানায়, জিয়াওবো নোবেল পুরস্কার জয়ের পর ২০১০ সাল থেকে গৃহবন্দি আছেন ৫৭ বছর বয়সী লিউ জিয়া। তার বিরুদ্ধে অপরাধেরও কোনো অভিযোগ নেই।
জিয়াওবো ছিলেন চীনের অন্যতম গণতন্ত্রপন্থি প্রচারকর্মী এবং রাষ্ট্রের কড়া সমালোচক। দেশদ্রোহের অভিযোগে ১১ বছরের কারাদণ্ড ভোগের সময় গত বছর তিনি মারা যান।
জিয়াওবোর মৃত্যুর পর থেকেই তার স্ত্রী লিউ কে নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। বছরের পর বছর গৃহবন্দি থেকে তিনি বিষন্নতায় ভুগছেন বলেই শোনা যাচ্ছে।
লিউয়ের বন্ধুবান্ধব এবং আইনজীবীর ভাষ্য, তাকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সাংবাদিকদের সঙ্গেও লিউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী অনেক বছর ধরেই লিউ জিয়া কে মুক্তি দেওয়ার জন্য বেইজিংকে আহ্বান জানিয়ে আসছে। কিন্তু চীন কর্তৃপক্ষ বলছে, লিউ মুক্তই আছেন। স্বামীর মৃত্যুশোকের কারণেই তিনি লোকজনের সঙ্গে দেখা করেন না।
তবে লিউয়ের এক বন্ধু লিয়াও বলেছেন, এ সপ্তাহের শুরুর দিকে ফোনে লিউয়ের সঙ্গে তার কথা হয়েছে। সে সময়ই লিউ বলেছেন, তার বেঁচে থাকার চেয়ে মরাই ভাল।
চায়নাচেঞ্জ ওয়েবসাইটে ওই ফোনালাপের বিস্তারিত লিখেছেন লিয়াও। সেখানে তিনি বলেন, লিউ তাকে এও বলেছেন যে, “আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি বাড়ি ছেড়ে বেরোতে পারছি না। বাড়িতে থেকেই আমি মরব। জিয়াওবো চলে গেছে। এ দুনিয়ায় আমার এখন আর কিছুই নেই।”
লিউয়ের সঙ্গে কথপোকথনের একটি রেকর্ডিংও আপলোড করেছেন লিয়াও। সেখানে লিউকে কয়েক মিনিট কাঁদতে শোনা গেছে। লিউ বলছিলেন, “আমি এখানে মরতে প্রস্তুত...আমি মরে গেলেই সব চুকে যাবে।”
পশ্চিমা কূটনীতিকরা লিউকে বিদেশে ভ্রমণ করতে দেওয়ার জন্য বেইজিংকে আহ্বান জানিয়েছেন। চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতও সাউথ চায়না মর্নিং পোস্ট কে বলেছেন, লিউকে স্বাগত জানাতে জার্মানি প্রস্তুত।
