উত্তর কোরিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী
উত্তর কোরিয়া সফর করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইন। ১১ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটিই কোনো চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।
ওয়াং ই বুধবার পিয়ংইয়ং পৌঁছান। সফরকালে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এবং নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করেছেন তিনি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, উত্তরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই কোরিয়ার শীর্ষ সম্মেলন পরবর্তী কোরিয়া উপদ্বীপ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
তাছাড়া, গত মার্চে উত্তর কোরিয়ার নেতা কিম এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকের সূত্র ধরে বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক নতুন করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েও দুইজন আলাপ করেছেন।
বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে নিবিড় আলোচনা হয়েছে। ওদিকে, নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।
এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে চীনের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার সঙ্গে এটি কিমের তৃতীয় বৈঠক। এ বৈঠকে ওয়াং বলেছেন, “দুই কোরিয়ার শীর্ষ সম্মেলন কোরিয়া উপদ্বীপ সমস্যার রাজনৈতিক সমাধানের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।”
দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের বরফ গলতে শুরু করার মধ্যেই দুইদিনের জন্য পিয়ংইয়ংয়ে এ সফর করলেন ওয়াং।
উত্তরের নেতা কিম এবং দক্ষিণ কোরিয়ার নেতা মুনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়েছে কিছুদিন আগেই। ওই বৈঠকে দুই কোরিয়াই কোরিয়া উপদ্বীপ পুরোপুরি পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করেছে।
এ উদ্যোগকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছিল চীন। তখন থেকেই চীন একটি শান্তিচুক্তি করার লক্ষ্য নিয়ে দুই কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে।
