স্বামীর পাসপোর্টে যুক্তরাজ্য থেকে ভারতে স্ত্রী
বিমানবন্দরে স্বামীর পাসপোর্ট দেখিয়েই যুক্তরাজ্য থেকে ভারতে বিনা বাধায় পৌঁছে গেছেন এক নারী।
গীতা মোধা নামের ওই নারীর এক আত্মীয় বিবিসি’কে বলেন, গত ২৩ এপ্রিল গীতা ‘ভুলবশত’ তার স্বামী দিলীপের পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে চলে আসেন। এরপর সেই পাসপোর্ট দিয়েই এক ব্যবসায়িক সফরে ম্যানচেস্টার থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দিল্লি পৌঁছান।
বিমানবন্দরের চেক-ইন এবং এমিরেটস এয়ারলাইন্সের বোর্ডিংয়েও এ ধরনের একটি বড় ভুল ধরা পড়েনি। দুবাইয়ে ট্রানজিট নেওয়ার সময় গীতা ‘ওভারসিস সিটিজেনশীপ অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড দেখানোয় পাসপোর্টের প্রয়োজন পড়েনি।
দিল্লি বিমানবন্দরে পৌঁছে একটি ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে গিয়ে গীতা প্রথম বিষয়টি টের পান।
ভারতীয় বংশোদ্ভুত গীতা ম্যানচেস্টারের রোশমে একটি ‘ব্রাইডাল শপ’ চালান। ব্যবসার প্রয়োজনে তাকে দিল্লি যাতায়াত করতে হয়।
স্বামীর পাসপোর্ট নিয়ে চলে আসার বিষয়টি জানাজানি হওয়ার পর গীতাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। ফলে পরবর্তী ফ্লাইটে তিনি দুবাই চলে যান। সেখানে তাকে আটকে থাকতে হয়। পরের ফ্লাইটে ম্যানচেস্টার থেকে এমিরেটস কর্তৃপক্ষ তার পাসপোর্ট এনে দেওয়ার পরই তিনি আবার দিল্লি আসেন।
এ বিষয়ে ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যাত্রীর পাসপোর্ট পরীক্ষা করার দায়িত্ব এয়ারলাইনস কর্তৃপক্ষের।
এমিরেটসের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, “আমরা খুবই গুরুত্বের সঙ্গে যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করি। খুব সম্ভবত এ ঘটনায় তার কমতি ছিল।
“আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং সেইসঙ্গে কর্মীদের আরও প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করব।”
