তাইওয়ানের বদলে চীনের সঙ্গে গাঁটছড়া ডোমিনিকান রিপাবলিকের
তাইওয়ানের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিক।
এ সিদ্ধান্তের ফলে এশিয়ার ক্ষুদ্র দ্বীপ তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কমে ১৯ এ নেমে এল বলে জানিয়েছে বিবিসি।
গত বছর পানামাও তাইওয়ানের বদলে চীনের প্রতি তাদের কূটনৈতিক সমর্থন ঘোষণা করেছিল। ২০১৬ সালে একই রকমভাবে পক্ষ বদল করেছিল আফ্রিকার দ্বীপ রাষ্ট্র সাও তোমে অ্যান্ড প্রিন্সিপ।
ডোমিনিকার রিপাবলিকের এ পক্ষ বদলের সিদ্ধান্তে ‘বিস্মিত’ হওয়ার কথা জানিয়েছে তাইওয়ান।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেছেন, চীনের ‘বিনিয়োগ ও অর্থ সাহায্যের মিথ্যা আশ্বাসে’ এ সিদ্ধান্ত নিয়েছে ডোমিনিকান রিপাবলিক।
চীন ‘ডলার ডিপ্লোম্যাসির মাধ্যমে তাইওয়ানের কূটনৈতিক মিত্রদের অন্যপক্ষে সরিয়ে নিচ্ছে অভিযোগ করে এ ধরনের চর্চার নিন্দাও জানিয়েছে তাইপে।
অন্যদিকে ডোমিনিকান রিপাবলিক বলছে, দুই দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক বিবেচনাতেই চীনের সঙ্গে তাদের এ কূটনৈতিক সম্পর্ক। তাইওয়ানকে ‘চীনের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবেও স্বীকৃতি দিয়েছে দেশটি।
আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও চীন এতদিন তাদের আমদানি করা পণ্যের দ্বিতীয় সর্বোচ্চ সরবরাহকারী দেশ ছিল বলেও জানিয়েছে ডোমিনিকান রিপাবলিক।
ক্যারিবীয় এ দেশের সরকার আগেকার কূটনৈতিক সম্পর্কের জন্য তাইওয়ানের প্রতিও কৃতজ্ঞ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের আইনী উপদেষ্টা ফ্লেভিও দারিও এস্পিনাল।
“যদিও ইতিহাস এবং আর্থসামাজিক বাস্তবতা আমাদেরকে পথ বদলাতে বাধ্য করেছে,” এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।
তাইওয়ানকে ‘স্বতন্ত্র রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়া ১৯টি দেশের সঙ্গে বেইজিংয়ের অর্থনৈতিক যোগাযোগও খুবই কম।
১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের পর থেকে মূলভূখণ্ড চীন ও দ্বীপ তাইওয়ান আলাদাভাবে পথচলা শুরু করে।
তাইওয়ান নিজেকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করলেও স্বতন্ত্রভাবে পরিচালিত এ দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে চীন।
২০১৬ সালে সাই ইং-ওয়েন তাইওয়ানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তাইওয়ানের অবস্থান নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়ে বেইজিং।
১৯৯২ সালে দুই পক্ষের মধ্যে হওয়া ‘এক চীন’ চুক্তির বিরোধীতাকারী সাই আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা করতে পারেন, এই ভাবনায় বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারেও কাজ শুরু করে তারা।
সাই অবশ্য শুরু থেকেই বলে আসছেন, নিজে না মানলেও ‘স্ট্যাটাস কুয়ো’ বজায় রাখবেন তিনি।
চীনের ধারাবাহিক তৎপরতার কারণেই সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক দেশ তাইওয়ানের কাছ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের।
বিশ্বব্যাপী চীনের অর্থনৈতিক আধিপত্যও এক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে;চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে ছোট ছোট দেশগুলোও তাই পুরনো মিত্র তাইওয়ানের বদলে বেইজিংয়ের দিকে ঝুঁকছে বলেও ভাষ্য তাদের।
