২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস্তানে অভিযান শুরু আসাদ বাহিনীর

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে কিন্তু সরকারি বাহিনীর অবরোধের মধ্যে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারে জোর দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 01:04 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

সোমবার ভোররাত থেকে সিরিয়ার সেনাবাহিনী হামা ও হমস শহরের মধ্যবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর রাস্তান ও এর আশপাশের গ্রামগুলোতে তীব্র গোলাবর্ষণের পাশাপাশি ব্যাপক বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত সপ্তাহে সিরিয়া সরকারের এক মন্ত্রী জানিয়েছিলেন, দামেস্কের আশপাশের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারের পর তাদের পরবর্তী লক্ষ্য হবে মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাস্তানের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলো।

দামেস্কের দক্ষিণের অবরুদ্ধ পকেটগুলো থেকে বিদ্রোহীরা চলে যেতে রাজি হওয়ায় সোমবারের মধ্যেই ওই এলাকাগুলো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে বলে ধারণা পর্যবেক্ষকদের।

দামেস্কের দক্ষিণের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকাগুলো ইসলামিক স্টেট (আইএস) ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ রয়েছে। এপ্রিলের প্রথমদিকে সিরিয়ার সেনাবাহিনী পূর্ব গৌতা পুনরুদ্ধারের পর থেকেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকাগুলো পুনরুদ্ধারে অভিযান শুরু করে।

রোববার রাতে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ওই এলাকার বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে সরকার বিরোধীদের নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে চলে যেতে রাজি হয়েছে। কিন্তু কোন কোন বিদ্রোহী গোষ্ঠী সরে যেতে রাজি হয়েছে তা বিস্তারিত জানায়নি।

বিদ্রোহীদের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়ার সাবেক আল কায়েদার অনুগত জিহাদিগোষ্ঠী তাহরির আল শাম জোট এলাকা ছাড়ার বিষয়ে সরকারের সঙ্গে চুক্তি করেছে।

এলাকাটির অন্য একটি অংশে যুদ্ধরত ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) যোদ্ধারাও সিরিয়ার উত্তরাঞ্চলে চলে যেতে রাজি হয়েছেন, গণমাধ্যমের এমন প্রতিবেদনে সঠিক বলে জানিয়েছেন অপর এক বিদ্রোহী যোদ্ধা। 

সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কিছু ভিডিও দেখিয়ে বলা হয়েছে, বিদ্রোহীরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওতে সরকারি বাহিনীর অধিকৃত কিন্তু বিদ্রোহীদের অবরোধের মধ্যে থাকা দুটি শিয়া অধ্যুষিত গ্রাম থেকে সুন্নি বেসামরিকরা বাসে করে উত্তরাঞ্চলে চলে যাচ্ছেন এমন দৃশ্য দেখানো হয়েছে।

তাহরির আল শামের আত্মসমর্পণের ওই চুক্তির আওতায় সরকারি বাহিনী অধিকৃত আল ফৌয়া ও কেফ্রায়া গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার বেসামরিককে সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ওই গ্রাম দুটিতে প্রায় ৮,১০০ লোক অবরুদ্ধ হয়ে ছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

ওই অঞ্চলের কয়েকটি এলাকা চুক্তির আওতায় এলেও জঙ্গিগোষ্ঠী আইএসের নিয়ন্ত্রণে থাকা আল হাজার আল আসওয়াদে সরকারি বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

রাজধানী দামেস্কের দক্ষিণের এসব এলাকার পরিস্থিতি সরকারের অনুকূলে আসার পর দেশের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল রাস্তানে অভিযান শুরু করে সরকারি বাহিনী। অভিযান শুরুর পর ওই এলাকায় সেনাবাহিনী কমপক্ষে ১৪০ বার হামলা চালিয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি।  

সোমবার দিনের পরবর্তী সময়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হমস ও হামার মধ্যবর্তী ওই অঞ্চলটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণ চুক্তি করার সুযোগ দিতে পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টা অস্ত্রবিরতি করা হবে, ওই চুক্তির আওতায় বিদ্রোহীরা উত্তরাঞ্চলে বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় চলে যেতে পারবে।

‘সামরিক অভিযান আবার শুরু হওয়ার আগে এই অস্ত্রবিরতিই চূড়ান্ত সময়সীমা’ বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

অবজারভেটরি জানিয়েছে, সোমবার শেষ বিকেলে রাস্তান ও পার্শ্ববর্তী এলাকায় হামলা বন্ধ করেছে সরকারি বাহিনী। এর আগে সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এই অবরুদ্ধ এলাকাটিতে ব্যাপক বিমান হামলা ও তীব্র গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।