২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন কেলেঙ্কারি সামলাতেই সাজিদকে স্বরাষ্ট্রমন্ত্রী করলেন মে 

অভিবাসন নিয়ে কেলেঙ্কারি সামাল দেওয়ার চেষ্টাতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পাকিস্তান বংশোদ্ভূত সাজিদ জাভিদের হাতে তুলে দিয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 01:01 AM

Updated : 08 Apr 2022, 06:19 PM

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে আলোচনা চলার এ সময়ে অভিবাসী নিয়ে কেলেঙ্কারি মে’র কর্তৃত্বে হুমকি হয়ে দাঁড়ানোয় তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

সাজিদ জাভিদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরই যুক্তরাজ্যে অভিবাসী নিয়ে বিতর্ক সমাধানের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।

 অভিবাসন নীতি নতুন করে পর্যালোচনা করে এর গ্রহণযোগ্যতা আরো নিশ্চিত করার কথা বলেছেন তিনি। একইসঙ্গে ‘উইন্ডরাশ জেনারেশন’ কে সাহায্য করাটাই তার সবচেয়ে জরুরি কাজ বলে আশ্বস্ত করেছেন।

১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়ের মধ্যে শ্রমিক ঘাটতি পূরণের উদ্দেশ্যে কমনওয়েলথ দেশগুলো থেকে যাদের ব্রিটেনে নিয়ে আসা হয়েছিল তাদের উত্তরসূরিদেরই ‘উয়িন্ডরাশ জেনারেশন’ বলা হয়।

ক্যারিবীয় দেশ  থেকে আসা ওই সমস্ত অভিবাসী ও তাদের পরবর্তী প্রজন্মকে কেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তা নিয়ে সরকার প্রশ্নের সম্মুখীন হয়েছে। এদেরকে অবৈধ অভিবাসী ঘোষণা করা এবং বিতাড়িত করা নিয়ে সরকারের একটি পরিকল্পনা সামনে আসার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়।

এ কেলেঙ্কারির মুখে এখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদে একজন অভিবাসী পরিবারের সন্তান হিসাবে সাজিদ জাভিদের অন্যতম প্রধান কাজটিই হচ্ছে অভিবাসন নিয়ে জনগণের উদ্বেগ সামাল দেওয়া।

সাজিদ সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার। ২০১০ সালে ব্রোমসগ্রোভ থেকে তিনি এমপি নির্বাচিত হন। ১৮ মাস ধরে তিনি কমিউনিটি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন।

অভিজ্ঞ মন্ত্রী সাজিদ বড় ধরনের কোনো বিপর্যয় ছাড়াই কয়েকটি অধিদপ্তরের দায়িত্ব সামলেছেন। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে প্রধানমন্ত্রী মে যেন এক নতুন কৌশলই নিয়েছেন।

কারণ, এর মধ্য দিয়ে মে যে শুধু অভিবাসন বিতর্ক সমলোনোর চেষ্টা করছেন তাই নয় বরং ব্রেক্সিট আলোচনার ভারসাম্যে বদল ঘটনোরও চেষ্টা নিয়েছেন।

সাজিদের আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই অ্যাম্বার রাড ছিলেন ইউরোপীয় ইউনিয়নপন্থি। অন্যদিকে, সাজিদ জাভিদ ২০১৬ সালে গণভোটে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকার পক্ষে প্রচার চালালেও এ ব্যাপারে কখনোই খুব বেশি কট্টর ছিলেন না।

গণভোটে জনরায় আসার পর থেকে তিনি হয়ে যান বেক্সিটপন্থি।  গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর সাজিদ বলেছিলেন, “একদিক দিয়ে বলতে গেলে এখন আমরা সবাই ব্রেক্সিটপন্থি।”

ফলে কঠোর ব্রেক্সিটের পথে যাওয়ার জন্য সাজিদের এ নিয়োগ প্রধানমন্ত্রী মে’র জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা আছে।

কারণ, অ্যাম্বার রাড যেমন ইইউ-পন্থি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতেন সে তুলনায় সাজিদ বরং ব্রেক্সিটের পক্ষে অনেক বেশি সরব থাকবেন।

অন্যদিকে, রাড এখন সরকারের বাইরের ইইউ-পন্থি অন্যান্য আইনপ্রণেতাদের সঙ্গে যোগ দিতে পারেন এবং এতে করে পার্লামেন্টে প্রধানমন্ত্রী মে’র অবস্থান আরো দুর্বল হয়ে পড়তে পারে।