উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গত শুক্রবারের কিম-মুন বৈঠকের পর এ সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
কোরিয়া উপদ্বীপে মাইলফলক ওই বৈঠকের ধারাবাহিকতায় চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে চীনের এ সফর হচ্ছে।
চীন অর্থনৈতিক দিক থেকে এখন পর্যন্ত একমাত্র মিত্র দেশ হলেও পিয়ংইয়ংয়ে কয়েক বছরের মধ্যে এটিই হবে সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো চীনা কর্মকর্তার সফর।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আগামী কয়েক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এ বৈঠক নিয়ে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে কথা বলেছে।
বেইজিং জানিয়েছে, পিয়ংইয়ং সরকারের আমন্ত্রণেই পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধ ও বৃহস্পতি দুইদিনের সফরে সেখানে যাচ্ছেন।
এর আগে গত মার্চ মাসে উত্তরের নেতা কিম এক আকস্মিক সফরে বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। উত্তরের নেতা হিসাবে চীনে সেটিই ছিল তার প্রথম সফর।
