২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচার জন্য আইনি লড়াইয়ে নামা শিশু আলফির মৃত্যু

ছোট্ট আলফিকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে যুক্তরাজ্যের টম ইভান্স ও কেট জেমস দম্পতি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে আইনি লড়াইয়ে নেমেছিলেন তাতে শেষ পর‌্যন্ত হেরে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2018, 02:43 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

বিবিসি জানায়, ২৩ মাসের আলফি ইভান্স বছরখানেক আগে কোষের বিরল রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গিয়েছিল। ইংল্যান্ডের লিভারপুলের আলডের হেই চিল্ড্রেন্স হসপিটালে তাকে কৃত্রিমভাবে (ভেন্টিলেশন) বাঁচিয়ে রাখা হয়েছিল।

এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আলফির অবস্থার ক্রমাবনতির কারণে চিকিৎসকরা তার ভেন্টিলেশন খুলে ফেলার সিদ্ধান্ত নেন।

চিকিৎসকরা বলেন, আলফির ‘মস্তিষ্কের কোষ দ্রুত মরে যাচ্ছে’। তাকে ‘বৃথা বাঁচিয়ে রাখার চেষ্টা নিষ্ঠুর ও অমানবিক’ হবে।

কিন্তু আলফির বাবা-মা চিকিৎসকদের এ পরামর্শ মানতে নারাজ ছিলেন। তারা আলফিকে চিকৎসার জন্য ইতালি নিয়ে যেতে চাইছিলেন।

চিকিৎসরা সে অনুমতি না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হাই কোর্টে যান আলফির বাবা-মা।

ছেলের চিকিৎসা চালিয়ে নিতে বাবা-মায়ের এ লড়াই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়।

চার মাসের আইনি লড়াইয়ের পর হাই কোর্ট ভেন্টিলেশন খুলে ফেলার পক্ষে রায় দেয়।

গত সোমবার আলফির ভেন্টিলেশন খুলে নেওয়া হয়।

শনিবার স্থানীয় সময় ০২:৩০ মিনিটে আলফি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ফেইসবুকে টম ইভান্স এ খবর জানিয়ে বলেন, “আমার বীর তার ঢাল নামিয়ে রেখেছে এবং তার ডানা মেলে দিয়েছে….খুবই হৃদয়বিদারক।”

আলফির বাবা-মায়ের অভিযোগ হাসপাতালে তাদের ছেলের ভুল চিকিৎসা হয়েছে এবং সে সেখানে ‘বন্দির মত’ ছিল।