জুলাইয়ে যুক্তরাজ্যে সফর করতে পারেন ট্রাম্প
আগামী জুলাইয়ে যুক্তরাজ্য সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি রাষ্ট্রীয় সফর হবে না।
বুধবার স্কাই নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, কয়েক দিনের মধ্যে সফরের বিস্তারিত ঘোষণা করা হতে পারে।
২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই ওয়াশিংটন সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী টেরিজা মে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনিই ছিলেন ওয়াশিংটন সফরে যাওয়া প্রথম বিশ্বনেতা।
ওই সফরে তিনি ট্রাম্পকে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির কারণে বিশ্বজুড়ে তখন সমালোচনার ঝড় বইছিল। যুক্তরাজ্যের অনেক নাগরিকও ওই সময় ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
ট্রাম্পের যুক্তরাজ্য সফর আটকাতে ১০ লাখের বেশি ব্রিটিশ নাগরিক একটি পিটিশনে সই করেছিলেন।
টেরিজা মে ওই পিটিশন প্রত্যা্খ্যান করলে শেষ পর্যন্ত ট্রাম্পের যুক্তরাজ্য সফরে যাওয়া হয়নি।
যুক্তরাজ্যে নতুন মার্কিন দূতাবাস উদ্বোধন করতে গত ফেব্রুয়ারিতে একবার ট্রাম্পের দেশটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা সমালোচনা ও বিক্ষোভের কারণে সেবারও সফর বাতিল করেন ট্রাম্প।
স্কাই নিউজের প্রতিবেদন নিয়ে প্রধানমন্ত্রী মে’র এক মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানায় রয়টার্স।
তবে তিনি বলেন, ট্রাম্পের যুক্তরাজ্য সফরে আসার আলোচনা চলছে এবং এ বছরের শেষ ভাগে তিনি যুক্তরাজ্যে আসতে পারেন।
