২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বাংলাদেশিসহ নিহত ১৪০ শান্তিরক্ষীকে স্মরণ জাতিসংঘে

শান্তিরক্ষা মিশনগুলোতে কর্তব্যরত অবস্থায় নিহত শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীদের স্মরণ করেছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 12:03 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

বৃহস্পতিবার নিউ ইয়র্কে  জাতিসংঘ সদর দপ্তরে এই স্মরণ অনুষ্ঠানে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসও ছিলেন।

স্মরণের এই তালিকায় স্থান পায় ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিহত বাংলাদেশের পাঁচজনসহ বিশ্বের ৪২টি দেশের ১৪০ শান্তিরক্ষী ও বেসামরিক কর্মীর নাম।

এদের মধ্যে ১২৩ জন সামরিক বাহিনীর এবং তিনজন পুলিশ বাহিনীর সদস্য, ১৪ জন বেসামরিক কর্মী।

বাংলাদেশের শান্তিরক্ষীরা হলেন ২০১৬ সালের ১৩ অক্টোবর মালি মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত মো. আবুল বাশার, ২০১৭ সালের ৫ জানুয়ারি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত মো. আব্দুর রহিম, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর মালি মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত মো. মনোয়ার হোসেন, মো. জাকিরুল আলম সরকার ও মো. আলতাফ হোসেন।

নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই স্মরণ সভা শুরু করা হয় বেহালার করুণ সুর পরিবেশনের মাধ্যমে।

মোমবাতি প্রজ্জ্বলনের পর এক মিনিট নিরবতায় নিহতদের স্মরণ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাইচ্যাক ও নিরাপত্তা পরিষদের সভাপতি গুস্তাভো মেজা-কোয়াড্রা।

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমরা প্রতিদিন যা অর্জন করাছি, তা আমাদের শান্তিরক্ষী, মানবিক সহায়তাদানকারী এবং অন্যান্য সহকর্মীদের সাহস ও প্রতিশ্রুতি ব্যতীত পারতাম না।”

তিনি বলেন, “এটা আমাকে ক্ষুব্ধ করে যখন দেখি খুব সামান্য কোনো কারণে আমাদের উপর আক্রমণ হয়, যা কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধাপরাধের শামিল।”

জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কূটনৈতিক, সামরিক ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা অনুষ্ঠানে ছিলেন।

জাতিসংঘ ট্রাস্টিশিপ কাউন্সিলে অনুষ্ঠিত এই স্মরণ সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় বাংলাদেশের ১৪৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।