ঝর্না কলমধারী যাত্রীর হুমকির মুখে বিমানের গতিপথ পরিবর্তন
ঝর্না কলমধারী এক যাত্রী বিমানবালাকে হুমকি দেওয়ার পর এয়ার চায়নার একটি উড়োজাহাজ অনির্ধারিত অবতরণে বাধ্য হয়েছে।
রোববার বেইজিংগামী উড়োজাহাজটি ঝেংঝু শহরের শিনঝেং আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে বলে জানিয়েছে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে চীনের সিভিল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, এয়ার চায়নার ফ্লাইট ১৩৫০ এর এক পুরুষ যাত্রী ওই বিমানবালাকে জিম্মি করতে কলমটি ব্যবহার করে।
এ ঘটনায় যাত্রী ও ক্রুদের কারো কোনো আঘাত লাগেনি বলে বিবৃতিতে বলা হয়েছে। তবে এতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে উড়োজাহাজটি রওনা হয়েছিল। সকাল ১১টার মধ্যে বেইজিংয়ের রাজধানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির নামার সূচি নির্ধারিত ছিল।
কিন্তু পথিমধ্যে সকাল ৯টা ৫৮ মিনিটে উড়োজাহাজটি মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেংঝু শিনজেং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মাইক্রোব্লগ উইবোতে এয়ার চায়নার কর্মকর্তারা জানিয়েছেন, ‘জননিরাপত্তাজনিত কারণে’ উড়োজাহাজটি অনির্ধারিত অবতরণে বাধ্য হয়েছে।
পুলিশ ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পরিস্থিতি তদারক করছে বলে জানিয়েছে তারা।
