সিরিয়ায় রাসায়নিক হামলা চালিয়েছে বিদেশি চররা: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার যে অভিযোগ উঠেছে তা বিদেশি চররাই সংঘটিত করেছে। এর অকাট্য প্রমাণ মস্কোর হাতে আছে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, “এটি যে আরেক সংগঠিত ঘটনা তার অকাট্য প্রমাণ আমাদের আছে। রাশিয়া-বিরোধী প্রচারণার সামনের সারিতে থাকা কোনো দেশের গোয়েন্দা বাহিনী এ পরিকল্পিত হামলার ঘটনায় জড়িত।” দেশটির নাম উল্লেখ করেন নি ল্যাভরভ।
সিরিয়ার চিকিৎসাকর্মীরাসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিবৃতি অনুযায়ী, সিরিয়ার দৌমায় ৭ এপ্রিলের হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। হামলার শিকার ব্যক্তিদের বিভিন্ন লক্ষণ দেখে সেখানে উচ্চমাত্রায় বিষাক্ত রাসায়নিকের বিস্ফোরণ ঘটনো হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো এ হামলার পেছনে সিরিয়া সরকারই দায়ী বলে মনে করে। কিন্তু রাশিয়া দীর্ঘদিন ধরেই বলে এসেছে, সিরিয়ায় আরো বেশি পশ্চিমা হস্তক্ষেপ উস্কে দিতে বিদ্রোহীরাই এ হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স দৌমায় ক্লোরিন এবং নার্ভ এজেন্ট ব্যবহার হওয়ার যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবারই বলেছেন, এ রাসায়নিক হামলা সিরিয়া সরকারই চালিয়েছে বলে তার কাছে প্রমাণ আছে। যদিও এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেন নি তিনি।
এসব প্রমাণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা বিভিন্ন দেশ সিরিয়ায় সামরিক হামলা চালানোর চিন্তা-ভাবনা করছে।
ওদিকে, সিরিয়ার মিত্রদেশ রাশিয়া হুঁশিয়ার করে বলেছে, সিরিয়ায় এ ধরনের সামরিক হস্তক্ষেপে সেখানে নতুন যুদ্ধ শুরুর ঝুঁকি সৃষ্টি হবে।
