২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দৌমায় রাসায়নিক হামলার শিকার ৫শ’: ডব্লিউএইচও

সিরিয়ার পূর্ব গৌতার দৌমা শহরে রাসায়নিক হামলার লক্ষণ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া পাঁচশ’ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 09:53 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

তাদের মধ্যে ৪৩ জন মারা গেছে বলে বুধবার এক বিবৃতিতে জানায় ডব্লিউএইচও।

বিবৃতিতে বলা হয়, “চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের লক্ষণ দেখে মনে হচ্ছে সেখানে উচ্চমাত্রায় বিষাক্ত রাসায়নিকের বিস্ফোরণ ঘটনো হয়েছে।”

বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে ‘অবাধে প্রবেশের’ সুযোগও চেয়েছে সংস্থাটি।

গত শনিবার দৌমা শহরে রাসায়নিক হামলা হওয়ার অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র এ হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার এবং তাদের মিত্র রাশিয়াকে দায়ী করেছে।

যদিও সিরিয়া ও রাশিয়া উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে।

জেনেভায় এক বিবৃতিতে ডব্লিউএইচও হামলার শিকার ব্যক্তিদের কয়েকটি লক্ষণের বর্ণনা দিয়েছে। যেগুলোতে রাসায়নিক হামলা হওয়ার বিষয়টি স্পষ্ট ধরা পড়েছে। ডব্লিউএইচও এ হামলার নিন্দাও জানিয়েছে।

জেনেভা থেকে প্রকাশিত বিবৃতিতে ডব্লিউএইচও আরো বলেছে, “বাস্তবতা হচ্ছে, আমাদের কাছে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের শ্বাসকষ্ট, শ্বাসরোধ এবং স্নায়ু বৈকল্য দেখা দিয়েছিল।”

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে (রাসায়নিক অস্ত্রের ব্যবহার) রাসায়নিক পরীক্ষার করার ক্ষমতা রাখে না।

‘ইন্টারন্যাশনাল কেমিক্যাল উইপন্স ইন্সপেক্টরস’ বিষয়টি তদন্তের জন্য দামেস্কের কাছে নিরাপদে দৌমায় প্রবেশের অনুমতি চেয়েছে।

ডব্লিউএইচও’র উপ মহাপরিচালক পিটার সালাম বলেন, “দৌমার ওই ভয়ঙ্কর খবর ও ছবি প্রকাশের পর আমাদের সবার এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা উচিত।

“ক্ষতিগ্রস্তদের নিবিড় যত্ন ও চিকিৎসা এবং স্থানীয়দের জরুরি স্বাস্থ্য সেবা দিতে সেখানে দ্রুত বিনা বাধায় প্রবেশের অধিকার চায় ডব্লিউএইচও।”